উপ-নির্বাচনে প্রার্থীদের আপিল শুরু ৬ মার্চ

আসন্ন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংক্ষুব্ধ প্রার্থীরা আগামী ৬ মার্চ থেকে ১০ মার্চের মধ্যে নির্বাচন কমিশনে এই আপিল আবেদন জমা দিতে পারবেন।
বুধবার (৪ মার্চ) নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ইসি জানায়, দুই আসনেই ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রার্থীরা চাইলে ৫ দিনব্যাপী এই সময়ে অফিস চলাকালীন সময়ে আপিল করতে পারবেন।
শেরপুর-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, বাসদ (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় একজন বৈধ প্রার্থীর মৃত্যুতে এই আসনের ভোট স্থগিত করা হয়েছিল।
বগুড়া-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই আসন থেকে জয়ী হয়েছিলেন। তবে একইসঙ্গে ঢাকা-১৭ আসনেও জয়ী হওয়ায় আইন অনুযায়ী তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন, যার ফলে আসনটি শূন্য হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের পরবর্তী ধাপগুলো হলো আপিল নিষ্পত্তি ১১ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ, প্রতীক বরাদ্দ ১৫ মার্চ এবং ভোট গ্রহণ ৯ এপ্রিল।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনের সব প্রস্তুতি সুষ্ঠুভাবে এগোচ্ছে এবং প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে তাদের আইনি অধিকার হিসেবে আপিল করতে পারবেন।
এসআর/এমএসএ