যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর আশ্বাস পাওয়া গেছে

মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের কর্মসংস্থান ও ভিসা সংক্রান্ত বিষয়ে দূতাবাসগুলোর মাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
বুধবার (৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্যে যারা কর্মরত আছেন, তাদের কর্মসংস্থানের বিষয়ে আমরা দূতাবাসগুলোর সঙ্গে কথা বলছি এবং ভিসার মেয়াদ বাড়ানোর (এক্সটেনশন) আশ্বাস পেয়েছি।
তিনি বলেন, সবদিকেই আমাদের আন্তরিকতা ও চেষ্টার কোনো কমতি নেই। এই সরকার জনগণের সরকার। তাই বাংলাদেশের নাগরিকরাই সরকারের দৈনন্দিন কার্যক্রমে সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে।
যুদ্ধ পরিস্থিতিতে সম্ভাব্য যেকোনো সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে বলেও এ সময় জানান উপদেষ্টা হুমায়ুন কবির।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, অবশ্যই প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের প্রস্তুতি আছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত এই সরকার একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ। সরকারের অবশ্যই প্রস্তুতি আছে এবং আমরা চেষ্টা করছি যেন কোনো ধরনের সংকটে না পড়তে হয় এবং সবকিছু একটি টেকসই (সাসটেইনেবল) উপায়ে স্বাভাবিক থাকে। এ জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ আমরা নিচ্ছি।
বিশেষ করে জ্বালানি খাতে বৈচিত্র্য আনার (ডাইভার্সিফিকেশন) বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি।
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা জানান, সৌদি আরব, ইউএই, কাতারসহ যুদ্ধ-প্রভাবিত অঞ্চলে থাকা আমাদের নাগরিকদের এবং সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনে সরিয়ে নেওয়ার (ইভাকুয়েশন) প্রস্তুতিও রয়েছে। অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা হয়েছে, যাতে প্রয়োজন হলে সহযোগিতা পাওয়া যায়।
তিনিবলেন, এই মুহূর্তে সরকারের প্রধান অগ্রাধিকার বাংলাদেশের নাগরিকরা, তাদের সুরক্ষা, স্বাস্থ্য ও কল্যাণ। নিয়মিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে সমন্বয় করে কীভাবে প্রতিদিন তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সে বিষয়ে কাজ চলছে।
এসএইচআর/এমএসএ