ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক কয়েদির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে শ্রী মোহন লাল (৫৫) নামে অসুস্থ এক কয়েদির মৃত্যু হয়েছে।
বুধবার (৪ মার্চ) ৫টা ২৫ মিনিটের দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারারক্ষী রুবেল জানান, ওই কয়েদি আজ বিকেলের দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা কয়েকজন কারারক্ষী চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাবার নাম শ্রী চিন্তা সিং। তবে কোন মামলায় তিনি কারাগারে বন্দী ছিলেন এ বিষয়ে কিছু জানা যায়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসএএ/এমএসএ