চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, হোম রেসিপিকে জরিমানা

চট্টগ্রাম নগরের গরিবুল্লাহ শাহ হাউজিং এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে ‘হোম রেসিপি অ্যান্ড সুইটস’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলের দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটির কাছ থেকে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর ও মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন করা হচ্ছিল। কারখানার স্যাঁতসেঁতে ও তৈলাক্ত মেঝে, খোলা ডাস্টবিন এবং কাঁচা ও রান্না করা খাবার একই ফ্রিজারে সংরক্ষণের মতো গুরুতর অনিয়ম পরিলক্ষিত হয়। এছাড়া মেয়াদবিহীন খাদ্যপণ্য সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ও কালার ব্যবহার এবং কর্মীদের স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টিও হাতেনাতে ধরেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে। আইন অমান্য করায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারীরা, চট্টগ্রাম সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এমআর/বিআরইউ