বাঁশখালীতে ট্রলিং বোট ও জাল জব্দ, জেলে আটক

চট্টগ্রামের বাঁশখালীতে সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট ও বিপুল পরিমাণ ট্রলিং জাল জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় বোটের এক জেলেকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪ মার্চ) দিবাগত রাতে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী উপজেলার শেখেরখীল মাছঘাট সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে মাছ ধরার কাজে নিয়োজিত একটি আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ৬টি ট্রলিং জাল উদ্ধার করা হয়েছে। এ সময় বোটের সঙ্গে থাকা এক জেলেকে আটক করা হয়। জব্দ হওয়া ট্রলিং বোট, জাল ও আটক জেলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
আরএমএন/বিআরইউ