বিজ্ঞাপন

দক্ষ কর্মীর অভাবে অধরা নতুন শ্রমবাজার

দক্ষ কর্মীর অভাবে অধরা নতুন শ্রমবাজার

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, কোথায় কোথায় পাইলটিং প্রকল্প

বিএনপি সরকার নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করতে যাচ্ছে। ১০ মার্চ থেকে পরীক্ষামূলক এই কার্ড দেওয়া হবে। একে একে দেশের সব পরিবারকে এই কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।

কালের কণ্ঠ

নতুন মোড় নিচ্ছে যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ নতুন মোড় নিয়েছে। গতকাল শুক্রবার চলমান যুদ্ধের সপ্তম দিনে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো বি-২ স্টিলথ বোম্বার ব্যবহার করে ইরানে হাজার পাউন্ডের ‘বাংকার বাস্টার’ বোমা হামলা চালিয়েছে বলে পেন্টাগন জানিয়েছে। অন্যদিকে ইরান ইসরায়েলে নজিরবিহীন ক্লাস্টার ব্যালিস্টিক মিসাইল হামলা করেছে বলে অভিযোগ তুলেছে ইসরায়েল। এ ছাড়া যুদ্ধ এখন ‘নতুন ধাপে’ প্রবেশ করেছে বলে গতকাল ইসরায়েল দাবি করেছে।

সমকাল

সংকটের গুজবে জ্বালানি তেল কিনতে সারাদেশে হুড়োহুড়ি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ ঘিরে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার আশঙ্কা তৈরি হওয়ায় দেশে তেল সংকটের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর প্রভাবে রাজধানীসহ বিভিন্ন স্থানে ফিলিং স্টেশনে পড়েছে যানবাহনের দীর্ঘ লাইন। শুক্রবার ছুটির দিনেও সড়কে দেখা দেয় যানজট। কোথাও সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে, আবার কোথাও মজুত শেষ হয়ে সাময়িকভাবে পাম্প বন্ধ রাখা ও মারামারির ঘটনা ঘটছে। সরকার বলছে, দেশে জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কিছু নেই। পরিস্থিতি সামলাতে যানবাহনে তেল বিক্রির কোটা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

কালের কণ্ঠ

যানজট ঝুঁকি মহাসড়কের ২০৭ পয়েন্টে

ঈদুল ফিতর সামনে রেখে বাস ও ট্রেনে আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে গত মঙ্গলবার থেকে। গত বৃহস্পতিবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতিসভা হয়েছে সড়ক মন্ত্রণালয়ে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার গুরুত্বপূর্ণ ২২টি সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সড়ক খাতের বিশেষজ্ঞরা বলছেন, সড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন করা কঠিন হবে যদি সমন্বয় ও ধারাবাহিক তদারকি ব্যবস্থা ব্যাহত হয়।

প্রথম আলো

ধরা পড়েনি প্রকাশ্যে গুলি করা অস্ত্রধারীরা

চট্টগ্রাম নগরে প্রকাশ্যে গুলি করা অস্ত্রধারীদের এখনো ধরতে পারেনি পুলিশ। তাদের গ্রেপ্তারে ‘এস ড্রাইভ’ নামে বিশেষ অভিযান চালালেও ছয় দিনে কাউকে আটক করা যায়নি। এতে নগরবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে পুলিশ বলছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই।

তদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাঠপর্যায়ে পুলিশের সোর্স দুর্বল হয়ে পড়া, তথ্যপ্রযুক্তি ও কৌশলে সন্ত্রাসীদের এগিয়ে থাকায় তাদের ধরতে হিমশিম খাচ্ছে পুলিশ।

সমকাল

বিডার সাবেক নির্বাহী সদস্য মান্নানের বিরুদ্ধে মামলা

সাবেক সচিব ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সাবেক নির্বাহী সদস্য খায়রুল ইসলাম মান্নানসহ তিনজনের বিরুদ্ধে ৪০ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অপর দুজন হলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মিম ও ছেলে মোরসালিন ইসলাম সৌরদ্বীপ। গত বৃহস্পতিবার রাজধানীর গুলশান থানায় এ মামলা করা হয়।

বিবিসি বাংলা

সাবেক র‍্যাপশিল্পী মেয়র বালেন্দ্র শাহ কি নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন?

নেপালের নির্বাচনের পর ভোট গণনা এখনো চলছে, তবে র‍্যাপার থেকে রাজনীতিতে আসা বালেন্দ্র শাহ নেপালের সাধারণ নির্বাচনে শুরুতেই বেশ ভালো ব্যবধানে এগিয়ে আছেন, যা তাকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি করেছে।

বৃহস্পতিবারের নির্বাচনে শাহ-যিনি জানুয়ারি পর্যন্ত নেপালের রাজধানী কাঠমান্ডুর মেয়র ছিলেন,প্রতিদ্বন্দ্বিতা করেছেন অন্যান্য প্রার্থীর সঙ্গে, যাদের মধ্যে ছিলেন কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল)-এর সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং নেপালি কংগ্রেসের গগন থাপা।

বণিক বার্তা

জ্বালানির পর এবার সারেও বিপাকে পড়ছে বাংলাদেশ

দেশে ব্যবহৃত মোট সারের বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করতে হয়, যার প্রধান উৎস সৌদি আরব, মরক্কো, চীন, রাশিয়া ও কানাডা। এর মধ্যেই গ্যাস সংকট মোকাবেলায় দেশের পাঁচটি সার কারখানা বন্ধ রাখা হয়েছে। এমনিতেই দেশীয় উৎপাদনে মোট চাহিদার সামান্য অংশ পূরণ হয়। তার ওপর কারখানাগুলো বন্ধ থাকায় আমদানির ওপর নির্ভরতা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিবিসি বাংলা

মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?

বাংলাদেশে বিএনপির নতুন সরকার এ মুহূর্তে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়া বা ওই পদে পরিবর্তনের চিন্তা করছে না। রাষ্ট্রপ্রধানের পদে পরিবর্তনের প্রশ্নে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে এখনো কোনো আলোচনা হয়নি বলেই সংশ্লিষ্ট একাধিক সূত্র জানাচ্ছে।

তবে ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বড় বিজয় নিয়ে বিএনপি সরকার গঠনের পর থেকেই রাষ্ট্রপতি পরিবর্তন প্রশ্নে নানা আলোচনা চলছে রাজনীতিতে।

বিবিসি বাংলা

তেহরানের বিমানবন্দরে প্রচণ্ড বিস্ফোরণ, পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

তেহরানের প্রধান বাণিজ্যিক বিমানবন্দরে বিস্ফোরণের পর সেখানকার টারমার্কে পুড়ে যাওয়া বিমান দেখা যাচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এর আগে ইসরায়েল নতুন করে আরও হামলার তথ্য দিয়েছিল।

তেহরানের অধিবাসীরা বিবিসি ফার্সিকে বলেছে যে, সবশেষ রাতটি ছিল তাদের কাছে সবচেয়ে ভয়াবহ যেখানে প্রতি ঘণ্টায় হামলা হয়েছে।

বণিক বার্তা

জ্বালানি সংকটে ব্যাহত হওয়ার শঙ্কা পুলিশের প্যাট্রোলিং কার্যক্রম

জ্বালানি তেল নিয়ে উদ্বেগের মধ্যে পরিস্থিতি বিবেচনায় দেশে ভোক্তা পর্যায়ে বিক্রির সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে জ্বালানি সংকটে পুলিশের প্যাট্রোলিং (টহল) কার্যক্রম ব্যাহত হতে পারে। আর এ সুযোগে ভাসমান অপরাধীদের তৎপরতা বাড়তে পারে বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা।

বিবিসি বাংলা

চীনকে দোলাচলে ফেলছে ইরান যুদ্ধ

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার ধাক্কা এখনো চীনের গায়ে লাগেনি, তবে এর যে প্রভাব তৈরি হয়েছে তার ঢেউ তারা টের পেতে শুরু করেছে।

স্বল্পমেয়াদে চীনের কাছে কয়েক মাসের জন্য যথেষ্ট তেলের মজুত রয়েছে। পরে প্রয়োজনে তারা প্রতিবেশী রাশিয়ার কাছ থেকে সহায়তা নিতে পারবে।

সমকাল

যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি

মধ‍্যপ্রাচ‍্য পরিস্থিতির কারণে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহ কমে গেছে। এতে দেশেও জ্বালানি তেলের সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। মানুষ আতঙ্কিত হয়ে ফিলিং স্টেশনে ভিড় করছে এবং বেশি বেশি তেল কিনছে। তাই ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহের সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

কালের কণ্ঠ

দক্ষ কর্মীর অভাবে অধরা নতুন শ্রমবাজার

দেশে গত পাঁচ বছর ধরে একই জায়গায় আটকে আছে দক্ষ শ্রমিকের হার। এতে বাংলাদেশি শ্রমবাজার মধ্যপ্রাচ্যনির্ভর হয়ে পড়ছে। দক্ষ শ্রমিকের অভাবে এমন চাহিদার অন্য কোনো দেশের শ্রমবাজারে জায়গা করে নিতে পারছে না বাংলাদেশ। এতে অধরাই থেকে যাচ্ছে নতুন শ্রমবাজার।

আজকের পত্রিকা

পঞ্চম শ্রেণির ‘পড়ার চিন্তায়’ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা

আইনি জটিলতায় স্থগিত হওয়া ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে আয়োজনের কথা জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। সম্প্রতি জুনিয়র ও ইবতেদায়ি বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

কালবেলা

ইচ্ছামতো ব্যয়ে ফাঁপা ঢাকার দুই সিটি

প্রায় সব খাতেই অস্বাভাবিক ব্যয়; সেই তুলনায় নামমাত্র রাজস্ব আয়। অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন পরিচালনায় ঘটেছে এমনটিই। যার জের এসে পড়ছে এখন নির্বাচিত সরকারের কাঁধে। আর্থিক সংকটে পড়েছে সংস্থা দুটি। নাগরিক সেবা দিতে গিয়ে পড়তে হচ্ছে টানাপোড়েনে। এ দুই করপোরেশনে মেয়রের দায়িত্ব পালন করা সাবেক প্রশাসকদের আগ্রহ বেশি ছিল উন্নয়ন কাজের টেন্ডারে (দরপত্র)। যেগুলোর মধ্যে অপ্রয়োজনীয় হিসেবে চিহ্নিতের পর তাদের অনুমোদন করা বেশকিছু টেন্ডারের কাজ বাতিল করা হয়েছে। তবে টাকা খরচে অস্বাভাবিকতার এখানেই শেষ নয়, এমনকি দুই করপোরেশনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির পরিচালন ব্যয় মেটাতে ভেঙে ফেলা হয়েছে ২০০ কোটি টাকার এফডিআর। এ ছাড়া প্রশাসকের নিয়ন্ত্রণাধীন ঐচ্ছিক তহবিল থেকেও ইচ্ছামতো ব্যয় করা হয়েছে কোটি কোটি টাকা।