তুরাগে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

রাজধানীর তুরাগের কামারপাড়া বামনারটেক এলাকায় বিস্ফোরণে দগ্ধ অন্তঃসত্ত্বা নারী সোনিয়া আক্তার (২৪) মারা গেছেন।
রোববার (৮ মার্চ) সকাল ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
নিহত সোনিয়া আক্তার বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চুনখোলা গ্রামের রুবেলের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, সোনিয়ার শরীরের শতভাগ দগ্ধ ছিলো। আইসিইউতে আজ সকালে মৃত্যু হয় তার। তার ইনহ্যালেশন ইনজুরি ছিল। হাসপাতালে যখন আনা হয় তখন তার শরীরের ১০০ শতাংশই দগ্ধ ছিল এবং জানতে পেরেছি তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। অবস্থা শুরু থেকেই অত্যন্ত আশঙ্কাজনক ছিল।
উল্লেখ্য, গত ৬ মার্চ ভোরে কামারপাড়া বামনারটেক এলাকার একটি বাসায় বিস্ফোরণ থেকে আগুনের ঘটনা ঘটে। এতে ওই বাসায় থাকা নারী, শিশু ও পুরুষসহ ১০ জন দগ্ধ হন। সোনিয়া আক্তারের মৃত্যুর পর বর্তমানে আরও ৯ জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
এসএএ/জেডএস