সাড়ে ৩ লাখ উদ্যোক্তা তৈরিতে বড় কর্মসূচি নতুন সরকারের

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
‘দ্বিতীয় লড়াইয়ের’ প্রস্তুতিতে জামায়াত, নজর ১২ সিটিতে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনে নজর বাংলাদেশ জামায়াতে ইসলামীর। এটাকে ‘দ্বিতীয় লড়াই’ হিসেবে দেখছে দলটি। এ লক্ষ্যে জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র নির্বাচনের প্রস্তুতি চলছে।
দলীয় সূত্রে জানা গেছে, এর মধ্যে সিটি করপোরেশন নির্বাচনকে বেশি গুরুত্ব দিচ্ছে জামায়াত। এ জন্য দেশের ১২ সিটি করপোরেশনই সাংগঠনিক প্রস্তুতি জোরদার করছে।
বণিক বার্তা
রূপপুর থেকে জুনে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহের পরিকল্পনা
আগামী মাসে বিদ্যুৎ কেন্দ্রটিতে ফুয়েল লোড করা হবে। এরপর জুনের মধ্যে রূপপুর থেকে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছেন নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
কালের কণ্ঠ
সাড়ে ৩ লাখ উদ্যোক্তা তৈরিতে বড় কর্মসূচি নতুন সরকারের
ইশতেহার অনুযায়ী নির্বাচনে বিজয়ী হয়ে কর্মসংস্থানভিত্তিক প্রকল্প নিতে শুরু করেছে বিএনপি নেতৃত্বাধীন তারেক রহমানের সরকার। দেশের বিপুলসংখ্যক বেকার যুবককে দক্ষ মানবসম্পদে রূপান্তর করে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করে গ্রামেই কর্মসংস্থান সৃষ্টি করা হবে। নতুন উদ্যোক্তা গড়ে তুলতে প্রায় ২৭৫ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ‘কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ প্রকল্প (২য় পর্যায়)’ শীর্ষক এ কর্মসূচির আওতায় তিন বছরে তিন লাখ ৬৬ হাজারের বেশি যুবক-যুব মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হবে।
বণিক বার্তা
চার বছরে ১ লাখ ৫২ হাজার কোটি টাকার নিট মুনাফা কেন্দ্রীয় ব্যাংকের
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলে প্রায় চার বছর ধরে সংকোচনমুখী মুদ্রানীতি প্রণয়ন করে আসছে বাংলাদেশ ব্যাংক। এর প্রধান লক্ষ্য ছিল ঋণের সুদহার বাড়িয়ে চাহিদা নিয়ন্ত্রণ। জনগণ যদিও এ নীতির সুফল পায়নি, বরং দুই অংকের নীতি সুদহারের কারণে বেসরকারি বিনিয়োগ আরো সংকুচিত হয়েছে। অন্যদিকে গত চার অর্থবছরে রেকর্ড ১ লাখ ৫২ হাজার কোটি টাকার বেশি নিট মুনাফা করেছে কেন্দ্রীয় ব্যাংক। অস্বাভাবিক এ মুনাফা অর্জনের ক্ষেত্রে সুদ আয়ের পাশাপাশি স্বল্প সময়ে টাকার রেকর্ড অবমূল্যায়ন বড় ভূমিকা রেখেছে।
আজকের পত্রিকা
পাঁচ দেশ থেকে বাংলাদেশের কূটনীতিকদের একযোগে প্রত্যাহার
পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো, মালদ্বীপ ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং হাইকমিশনারকে একযোগে প্রত্যাহার করেছে সরকার। আজ রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে তাঁদের অবিলম্বে ঢাকায় সদর দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
যুগান্তর
সংকট সামলাতে সরাসরি জ্বালানি ক্রয়ের সিদ্ধান্ত
ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। যে কোনো মূল্যে তেল-গ্যাসের মজুত বাড়িয়ে সরবরাহ স্বাভাবিক রাখতে জোর তৎপর চালাচ্ছে সরকার। লক্ষ্য পূরণে দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় নীতির আওতায় (ডিপিএম) তিন লাখ টন ডিজেল ক্রয়ের পরিকল্পনা প্রায় চূড়ান্ত করেছে জ্বালানি মন্ত্রণালয়। এছাড়া বেশি দামে হলেও আগামী এপ্রিল পর্যন্ত জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ স্বাভাবিক রাখতে মরিয়া হয়ে উঠেছে সরকার।
প্রথম আলো
সংস্কৃতির পুনর্জাগরণের ওপর নির্ভর করছে মধ্যপন্থার ভবিষ্যৎ
দেশে গত এক দশকে পাঠাগার কমেছে, সিনেমা হল বন্ধ হয়েছে, সংকুচিত হয়েছে সাংস্কৃতিক পরিসর। এমন শূন্যতায় মাথাচাড়া দিয়ে উঠেছে উগ্র ও একরৈখিক মতাদর্শ। সংস্কৃতি খাত এখন রাজনৈতিক স্থিতি ও জাতীয় নিরাপত্তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের সামনে মৌলিক প্রশ্ন, সংস্কৃতিকে কী ‘সফট’ খাত হিসেবে দেখবে নাকি ভবিষ্যৎ রাজনীতির বুদ্ধিবৃত্তিক ভিত গড়ার কৌশলগত ক্ষেত্র হিসেবে বিবেচনা করবে?
সমকাল
মূল্যস্ফীতি বাড়ল টানা ৪ মাস
আট মাস পর আবারও ৯ শতাংশের ঘরে পৌঁছাল মূল্যস্ফীতি। গত ফেব্রুয়ারি মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ১৩ শতাংশ। এর আগে গত বছরের মে মাসে ৯ শতাংশের ওপরে মূল্যস্ফীতি হয়। গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে ফেব্রুয়ারি মাসে। এর চেয়ে বেশি মূল্যস্ফীতি হয়েছিল গত বছরের এপ্রিলে। মাসটিতে মূল্যস্ফীতি হয় ৯ দশমিক ১৭ শতাংশ। গত ফেব্রুয়ারিসহ টানা চার মাস বাড়ল মূল্যস্ফীতি।
প্রথম আলো
ময়লার পাহাড়ে আগুন, বিষাক্ত ধোঁয়ায় দুর্ভোগ
বিরিয়ানির প্যাকেট, শিশুদের খেলনা, চিপসের প্যাকেটসহ বিভিন্ন ময়লার মধ্যে প্রায় কাছাকাছি দূরত্বে দুটি কুকুরের মরদেহ পচে ফুলে আছে। দুর্গন্ধে টেকা দায়। পাহাড় আকৃতির ময়লার স্তূপ থেকে ধোঁয়া বের হচ্ছে। কোনো কোনো জায়গা থেকে নতুন আগুন উঁকি দিচ্ছে। ধোঁয়ায় দম নেওয়া কঠিন।
বিবিসি বাংলা
মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা
ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস মোজতবা খামেনিকেই দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
১৯৬৯ সালের আটই সেপ্টেম্বর ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জন্মগ্রহণ করেন মোজতবা।
তিনি খামেনির ছয় সন্তানের মধ্যে দ্বিতীয়। তেহরানের ধর্মীয় আলাভি স্কুলে তিনি মাধ্যমিক শিক্ষা লাভ করেন।
কালের কণ্ঠ
পেট্রল-অকটেনের বড় অংশ দেশেই উৎপাদন
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধকে ঘিরে দেশে জ্বালানি তেলের সংকটের আশঙ্কা করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো বলছে, বর্তমানে দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। যুদ্ধ পরিস্থিতির অনিশ্চয়তা বিবেচনায় সরকার তেল ব্যবহারে রেশনিং ব্যবস্থা চালু রেখেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক থাকলেও যুদ্ধ পরিস্থিতির অনিশ্চয়তায় অতিরিক্ত চাহিদার কারণে সাময়িক চাপ তৈরি হয়েছে।
প্রথম আলো
অপ্রশস্ত মহাসড়কে খোঁড়াখুঁড়ি আর খানাখন্দ, ঈদযাত্রা নিয়ে শঙ্কা
কোথাও বিটুমিন উঠে গেছে, কোথাও তৈরি হয়েছে খানাখন্দ। আবার কোথাও সড়ক দেবে গেছে, কোথাও ফুলে উঠেছে। ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত অংশ এমনই বেহাল। দক্ষিণাঞ্চলের জেলাগুলোর সঙ্গে ঢাকার যোগাযোগের একমাত্র সড়কপথ এটি। অপ্রশস্ত এ মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। এবারের ঈদযাত্রায় এ মহাসড়ক দিয়ে ঘরে ফেরা মানুষ দুর্ভোগে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বিবিসি বাংলা
ভারতের তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয়ের পেছনে যে চার ফ্যাক্টর কাজ করেছে
আরও একবার বিশ্বকাপ ফাইনাল, ভারতের মাটিতে বিশ্বকাপ আর সেই বিশ্বকাপের ফাইনালে ভারত, খেলা আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, যেখানে খেলা মানেই ঘুরে ফিরে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের স্মৃতি।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম আরও একবার যেন নীলের সমুদ্রে পরিণত হয়েছিল। আর সেই নীল ঢেউয়ের মাঝেই বিশ্ব ক্রিকেটের নিয়মিত ফাইনালিস্ট হিসেবে পরিচিত নিউজিল্যান্ড দল পেল কঠিন এক পরাজয়।
বণিক বার্তা
মূল্যস্ফীতি আবারো নয় শতাংশ ছাড়াল ১০ মাসে সর্বোচ্চ
খাদ্যপণ্যের দাম বাড়ার প্রভাবেই মূল্যস্ফীতিতে এ চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। ২০২৫ সালের শেষ দুই মাস থেকে বাড়তে শুরু করা মূল্যস্ফীতি এ নিয়ে টানা চার মাস ধরে ঊর্ধ্বমুখী রয়েছে।
কালবেলা
আবারও মূল্যস্ফীতি বেড়ে ১০ মাসের মধ্যে সর্বোচ্চ
কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি, বরং ফের ঊর্ধ্বমুখী ধারায় ফিরছে দেশের মূল্যস্ফীতি। গত কয়েক মাসের ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারিতেও বেড়েছে মূল্যস্ফীতি। এ সময় খাদ্যপণ্যের সঙ্গে খাদ্যবহির্ভূত খাতেও মূল্যস্ফীতির হার বেড়েছে, যা সীমিত আয়ের মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করছে। খেটে খাওয়া মানুষের পকেটের ওপর চাপ বাড়লেও মজুরি হারের সূচকে কোনো সুখবর নেই। ডিসেম্বরে মূল্যস্ফীতির চাপ শহরের চেয়ে গ্রাম এলাকায় বেশি, আর খাদ্য মূল্যস্ফীতির চাপ বেশি শহরে।