১৯ মার্চের ট্রেনের টিকিটের জন্য পশ্চিমাঞ্চলে ৮২ লাখ হিট

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার (৯ মার্চ) বিক্রি করা হচ্ছে আগামী ১৯ মার্চের ট্রেনের আসনের টিকিট। এটি ঈদের আগে নির্ধারিত সূচি অনুযায়ী অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন।
এ দিন টিকিট বিক্রি শুরু হতেই ওয়েবসাইট ও অ্যাপে ভিড় করেন টিকিট প্রত্যাশীরা। সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত মাত্র ৩০ মিনিটে শুধু পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিটপ্রত্যাশীরা ওয়েবসাইট ও অ্যাপে মোট ৮২ লাখ বার হিট করেছেন। তবে এটি আগের দুই দিনের তুলনায় কম বলে জানিয়েছে রেলওয়ের দায়িত্বশীল সূত্র।
রেলওয়ের তথ্য অনুযায়ী, ১৯ মার্চ ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেনের মোট আসন রয়েছে ৩০ হাজার ৩৪৩টি। এর মধ্যে পশ্চিমাঞ্চলের ১৯টি ট্রেনে আসন রয়েছে ১৩ হাজার ৭৭৪টি। আর সারাদেশে সব মিলিয়ে ওই দিনের মোট আসনসংখ্যা এক লাখ ৬১ হাজার ৬৬৫টি।
সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ১২ হাজার ৫০০টি আসনের টিকিট বিক্রি হয়েছে। একই সময়ে সারাদেশে বিক্রি হয়েছে ১৮ হাজার ৫৬৫টি আসনের টিকিট।
এদিকে ওই দিনের পূর্বাঞ্চলে চলাচলকারী সব ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে আজ দুপুর ২টায়। ১৯ মার্চ ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ২৪টি ট্রেনে মোট আসন রয়েছে ১৬ হাজার ৫৬৯টি।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ২০, ২১ ও ২২ মার্চের ট্রেনের টিকিট ঈদের চাঁদ দেখার ওপর ভিত্তি করে বিক্রি করা হবে। ঈদের দিন সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে। ফলে ওইদিন বাদে ঈদের আগের ও পরের দিনের টিকিট আকাশে ঈদের চাঁদ দেখার কিছু সময় পরেই অনলাইনে উন্মুক্ত করা হবে।
/এমএইচএন/এমএসএ