মানুষের সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করার আহ্বান ইশরাকের

মানুষের সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
সোমবার (৯ মার্চ) রাজধানীর সিদ্দিক বাজার সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
যারা বিএনপির রাজনীতি করছেন, তাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জ্যেষ্ঠ নেতাদের দোয়া ও দিকনির্দেশনায় নতুন সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যরা মিলেমিশে কাজ করে দেশের মানুষের সমস্যা সমাধানে ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী বলেন, জীবনে এই প্রথম কোনো ভিত্তিপ্রস্তর স্থাপন বা উদ্বোধন করার সুযোগ পেয়েছি। কোনো নামফলকে নিজের নাম লেখা হয়েছে- এ বিষয়টি আমার জন্য গর্বের। সিদ্দিক বাজার সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে উপস্থিত হতে পেরে দিনটি জীবনে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি জানান, ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম তার বাবার দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী ছিলেন। তাকে দেখলে প্রায়ই তার বাবার কথা মনে পড়ে।
এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এএসএস/এমএসএ