উপ-নির্বাচন : আপিলের শেষ দিন মঙ্গলবার

আসন্ন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীদের আপিল করার সময় শেষ হচ্ছে মঙ্গলবার (১০ মার্চ)। নির্বাচন কমিশনে (ইসি) অফিস চলাকালীন সময় পর্যন্ত আপিল করার সুযোগ পাবেন প্রার্থীরা।
সোমবার (০৯ মার্চ) নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করে।
ইসি জানায়, শেরপুর-৩ আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তারা হলেন- আবুল তালেব মো. সাইফুদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. মাসুদুর রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. আমিনুল ইসলাম (স্বতন্ত্র), মো. মাহমুদুল হক রুবেল (বিএনপি) ও মো. মিজানুর রহমান (বাসদ-মার্কসবাদী)।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের একজন বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় কমিশন ভোট গ্রহণ স্থগিত করেছিল। পরে নতুন তফসিল ঘোষণার মাধ্যমে বর্তমানে নির্বাচনী কার্যক্রম চলছে।
অন্যদিকে বগুড়া-৬ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩ জন প্রার্থী। তারা হলেন- মো. আবিদুর রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. রেজাউল করিম বাদশা (বিএনপি) এবং মো. আল আলিম তালুকদার (বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি)।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই আসন থেকে জয়ী হন। তবে সংবিধান অনুযায়ী একই সঙ্গে দুটি আসনের সদস্য থাকার বিধান না থাকায়, তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। ফলে আসনটি শূন্য ঘোষিত হয়।
কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আপিল নিষ্পত্তি ১১ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ১৪ মার্চ, প্রতীক বরাদ্দ ১৫ মার্চ এবং ভোটগ্রহণ ৯ এপ্রিল
ইসি কর্মকর্তারা জানান, রিটার্নিং কর্মকর্তার প্রাথমিক বাছাইয়ে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে বা যারা কোনো প্রার্থীর বৈধতার বিষয়ে চ্যালেঞ্জ করতে চান, তাদের মঙ্গলবার নির্ধারিত সময়ের মধ্যেই ইসিতে আবেদন জমা দিতে হবে।
এসআর/জেডএস