চট্টগ্রামে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৭ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার পাইন্দং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যোগেজ উড়াংয়ের ছেলে উত্তম উড়াং (১৭), রাম উড়াংয়ের ছেলে নয়ন উড়াং (১৭) এবং তপন উড়াংয়ের ছেলে তপু উড়াং (১৭)। তারা সবাই উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখিল গ্রামের বাসিন্দা।
নিহত উত্তম উড়াংয়ের পিতা যোগেজ উড়াং বলেন, লেখাপড়ার পাশাপাশি স্কুল–কলেজ বন্ধ থাকায় তারা রাজমিস্ত্রির জোগালি হিসেবে কাজ করতেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে আজ তারা লাশ হয়ে ফিরল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, খাগড়াছড়ি থেকে একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। গাড়িটি ফটিকছড়ির পাইন্দং এলাকায় ফেলাগাজি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খেতে পড়ে যায় এবং মোটরসাইকেলটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। পরে হতাহতদের উদ্ধার করে ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি থানার ডিউটি অফিসার ও সহকারী উপ-পরিচালক মোহাম্মদ সেলিম ঢাকা পোস্টকে বলেন, ইফতারের একটু আগে সংঘটিত দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এমআর/এমএন