মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, হাসপাতালে দুজনের মৃত্যু

রাজধানীর মিরপুর-২ নম্বরে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে এক নারীসহ দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (৯ মার্চ) দুপুরে ‘এলএ প্লাজা’ নামের ওই ভবনে আগুন লাগার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রচেষ্টায় ভবনটি থেকে ২৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও হাসপাতালে নেওয়ার পর দুজনকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৫২ মিনিটে ১১ তলাবিশিষ্ট ওই বাণিজ্যিক ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ভবনের ভেতরে থাকা অনেকে ছাদে আশ্রয় নেন, আবার কেউ কেউ বিভিন্ন তলায় আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টায় বিকেল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিকেল ৪টা ৩৫ মিনিটে তা পুরোপুরি নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশনের কর্মকর্তা শাজাহান সিরাজ জানান, ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। উদ্ধার অভিযানে টার্ন টেবিল ল্যাডার (টিটিএল) ব্যবহার করে ছাদ ও বিভিন্ন তলা থেকে ১৪ জন পুরুষ ও ১০ জন নারীকে নিরাপদে নামিয়ে আনা হয়।
তিনি আরও জানান, চার ও পাঁচতলার মাঝামাঝি সিঁড়ি থেকে এক নারী ও এক পুরুষকে অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। অতিরিক্ত ধোঁয়ায় তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন।
পরে রাতে মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আহসান সোহেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মৃত পুরুষ ব্যক্তির নাম রাকিব হাসান। তবে নিহত নারীর নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি; পুলিশ বিস্তারিত জানার চেষ্টা করছে।
এ বিষয়ে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন বলেন, তাদের প্রথমে উদ্ধার করে আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা সম্ভবত সেখানে মার্কেট করতে এসেছিলেন। নিহত দুই জনই এয়ারফোর্সের সদস্য ছিলো বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, ভবনের তৃতীয় তলায় অবস্থিত একটি স্পা সেন্টার থেকেই আগুনের শুরু হয়েছিল।
এমএসি/বিআরইউ