ছিনতাইকারীর উৎপাত বেড়েছে

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
কথোপকথন ফাঁস: জামিনের জন্য এক কোটি টাকা চান প্রসিকিউটর
আওয়ামী লীগের কারাবন্দী একজন সাবেক রাজনীতিককে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তাঁর পরিবারের কাছে ১ কোটি টাকা চেয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) একজন প্রসিকিউটর (রাষ্ট্রপক্ষের আইনজীবী)।
হোয়াটসঅ্যাপ কথোপকথনের একাধিক অডিও রেকর্ডিংয়ে এমন তথ্য পাওয়া গেছে। রেকর্ডিংগুলো সংগ্রহ করেছে প্রথম আলো ও নেত্র নিউজ।
দেশ রূপান্তর
প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছে ৩৭ হাজার ৫৬৪ পরিবার
দায়িত্ব গ্রহণের ২০ দিন পর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আজ মঙ্গলবার অতিদরিদ্র নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করছে বিএনপি সরকার। রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি-সংলগ্ন) এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।
কালের কণ্ঠ
তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মজুদ দিয়ে উৎপাদন চলবে ১০ এপ্রিল পর্যন্ত
দেশে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর মজুদ জ্বালানি দিয়ে সর্বোচ্চ আগামী ১০ এপ্রিল পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন চালানো সম্ভব বলে জানিয়েছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্র মালিকদের সংগঠন বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারস অ্যাসোসিয়েশন (বিআইপিপিএ)।
সমকাল
ছয় দেশের ৭০ জন চিহ্নিত, কেন্দ্রীয় ব্যাংকের আতিউরসহ ১০ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ছয় দেশের অন্তত ৭০ জনের সংশ্লিষ্টতা বিষয়ে নিশ্চিত হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ কমপক্ষে ১০ জন কর্মকর্তা আছেন। বাকিরা বিদেশি নাগরিক।
বিবিসি বাংলা
দায়িত্ব পেয়েই অস্তিত্বের লড়াইয়ে ইরানের নতুন সর্বোচ্চ নেতা
ইরানের শাসনব্যবস্থা যখন পাঁচ দশকের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে, ঠিক তখনই দেশটির হাল ধরলেন এমন একজন নেতা যিনি এর আগে কখনোই এমন পরিস্থিতির মুখোমুখি হননি।
এই যুদ্ধের একদম শুরুতেই তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের রাজনৈতিক ধারাবাহিকতা ও পারিবারিক প্রভাবই তার ৫৬ বছর বয়সী ছেলে মোজতবা খামেনিকে ইরানের শীর্ষ নেতৃত্ব পর্যায়ে পৌঁছে দিয়েছে।
বণিক বার্তা
মধ্যপ্রাচ্য সংকটে ভারতের ওপর বাংলাদেশের বাণিজ্যনির্ভরতা আরো বাড়তে পারে
দুই দেশের মোট বাণিজ্যের ৮৫ শতাংশই মূলত ভারত থেকে পণ্য আমদানি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও এরই মধ্যে জ্বালানি পণ্য নিয়ে অস্থিরতা দেখা দিয়েছে। জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভারতের কাছে বাড়তি ডিজেল আমদানির প্রস্তাব দেয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ। আসামের নুমালিগড় রিফাইনারি থেকে আজ বাংলাদেশে আসছে পাঁচ হাজার টন ডিজেল। বিপিসি সূত্রে জানা গেছে, পাইপলাইনে করে এ ডিজেল বাংলাদেশে পৌঁছনোর কথা। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিদ্যুৎ-জ্বালানিসহ বিভিন্ন খাতে ভারতের ওপর বাংলাদেশের বাণিজ্যনির্ভরতা আরো বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কালের কণ্ঠ
ছিনতাইকারীর উৎপাত বেড়েছে
ঈদ সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মহাপরিচালক ও এক পুলিশ সদস্যও ছিনতাইয়ের শিকার হয়েছেন। পুলিশের পরিসংখ্যান বলছে, গত বছর সারা দেশে ছিনতাইসহ দস্যুতার ঘটনায় প্রায় দুই হাজার মামলা হয়েছে।
বিবিসি বাংলা
ইরানে যুদ্ধ 'বেশ দ্রুত' শেষ হবে- মন্তব্য ট্রাম্পের
যুক্তরাষ্ট্রে ইরানে এরইমধ্যে 'অনেকভাবে জয়ী হয়েছে', কিন্তু তা 'যথেষ্ট নয়' বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শিগগিরই ইরান যুদ্ধের সমাপ্তি ঘটবে বলেও তিনি মন্তব্য করেছেন।
বেশ কয়েকটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়া থেকে শুরু করে রিপাবলিকান সম্মেলনে বক্তৃতা দেওয়া এবং আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং– সবখানেই ইরানকে নিয়ে মন্তব্য করতে ব্যস্ত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডন্টে ডোনাল্ড ট্রাম্প।
বণিক বার্তা
বাড়তি কোচ সংযোজন করেই চাপ সামাল দেয়ার চেষ্টা
প্রতি বছর ঈদে এমন যাত্রীচাপ দেখা গেলেও তা ব্যবস্থাপনার সক্ষমতা এখনো অর্জন করতে পারেনি রেলওয়ে। আসন্ন ঈদুল ফিতরে বাড়তি কোচ, দাঁড়ানো টিকিট বিক্রির মতো পদক্ষেপের মাধ্যমে কোনোমতে বাড়তি চাপ সামাল দিতে চায় রেলওয়ে।
দেশ রূপান্তর
থানায় ম্যাজিস্ট্রেট নিয়োগের পরিকল্পনা
দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে আপ্রাণ চেষ্টা করছে পুলিশ। দেশের প্রতিটি থানাই হবে সত্যিকারের সেবাকেন্দ্র। থানায় আসা লোকজনের হয়রানি কমাতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। তাছাড়া আরও কিছু প্রস্তাবও পাঠানো হয়েছে সরকারের কাছে। ইতিমধ্যে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করা হয়েছে। যেকোনো কাজ করতে পুলিশকে সময় দিতেই হবে। তাড়াহুড়া করলে সফলতা আসবে না। যেমন মিডিয়ার প্রেশারের কারণে গ্রেনেড হামলার ঘটনায় ‘জজ মিয়ার মতো নাটক তৈরি’ করতে হয়েছে।
যুগান্তর
দুই আসামিকে দেশে আনতে সরকারের প্রস্তুতি চূড়ান্ত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল আসামি ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর হোসেন ভারতে গ্রেফতারের পর তাদের দেশে ফেরাতে সরকার জোর তৎপরতা শুরু করেছে। ভারতের সঙ্গে বাংলাদেশের এক্সট্রাডিশন (প্রত্যর্পণ) চুক্তির আলোকে ওই দুই আসামিকে দেশে ফিরিয়ে আনতে চিঠি প্রস্তুত করেছে ওসমান হাদি হত্যা মামলা তদন্তের দায়িত্বে থাকা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দু-একদিনের মধ্যে ভারত সরকারের কাছে আসামিদের হস্তান্তর চেয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠাবে সরকার।
কালের কণ্ঠ
যুদ্ধে লাগামহীন তেলের বাজার
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম লাগামহীনভাবে বাড়ছে। এশিয়ার বাজারে কেনাবেচা শুরু হওয়ার পর গতকাল সোমবার এক দিনেই দাম বাড়ল ১৩ শতাংশ, তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। গত এক সপ্তাহে দাম বেড়েছে ৩৮ শতাংশ। যুদ্ধ দীর্ঘায়িত হলে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলারে পৌঁছার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
প্রথম আলো
নেপালে আরএসপি পারল, বাংলাদেশে এনসিপি কেন পারল না
রয়টার্সের প্রতিবেদনটি ছিল নেপালের নির্বাচনের ফলাফল নিয়ে, কিন্তু তাতেও উঠে আসে বাংলাদেশ। এর কারণ প্রতিবেশী দেশ দুটির অভ্যুত্থানের সমরূপতা। এক বছরের ব্যবধানে দুই দেশেই জেন–জি প্রজন্মের অভ্যুত্থান রাষ্ট্র ক্ষমতায় পরিবর্তন নিয়ে আসে। এরপর এক মাসের ব্যবধানে দুটি দেশেই নির্বাচন হয়।
দেশ রূপান্তর
দুদকের কাঠগড়ায় আরও ৩৬ ব্যবসাপ্রতিষ্ঠান
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন, প্রায় ১০ হাজার কোটি টাকা বিদেশে পাচার এবং ব্যাংকঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ অনুসন্ধান-তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে শতাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠানের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে শত শত কোটি টাকা আত্মসাতের তথ্য-প্রমাণ পেয়েছে সংস্থাটি। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে দুদক সূত্রে জানা গেছে। ২৩৯ কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার ঘটনায় নতুন মামলায় ফেঁসে যাচ্ছে ৩৬ ব্যবসাপ্রতিষ্ঠান। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই পৃথক মামলা হবে।
কালবেলা
এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!
সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট কর্মকর্তা। তাদের মধ্যে প্রকল্পটির প্রকল্প পরিচালকও রয়েছেন। আটজনের সরকারি সফরের অফিসিয়াল প্রোগ্রামের নাম ‘হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (এইচভিএসি) সিস্টেম ট্রেনিং’। যদিও তিন দফা পরিবর্তনের পর তাদের যুক্তরাষ্ট্রে যাওয়ার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে চলতি মাসের ১৫ তারিখ।