ভিয়েনায় গ্লোবাল ফ্রড সামিটে যেতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতারণা ও আর্থিক জালিয়াতি প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘গ্লোবাল ফ্রড সামিট’-এ অংশ নিতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে এ তথ্য পাওয়া গেছে৷
আগামী ১৬ থেকে ১৭ মার্চ ভিয়েনায় এ সামিট অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও নীতিনির্ধারকরা অংশ নেবেন।
ইতিমধ্যে সরকারি অনুমোদনের ভিত্তিতে স্বরাষ্ট্রমন্ত্রীর এ সফর নির্ধারণ করা হয়েছে। তবে ইরান-ইসরায়েল যুদ্ধে ফ্লাইট সংকট হওয়ায় সুবিধাজনক সময়ে টিকেট না পেলে এ সম্মেলনে অংশ নাও নিতে পারেন তিনি৷
জানা গেছে, সামিটটি যৌথভাবে আয়োজন করছে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) এবং ইন্টারপোল।
সরকারি আদেশে বলা হয়েছে, এই সফরের বিমান ভাড়া ও আবাসন ব্যয় সামিটের আয়োজক সংস্থাগুলো বহন করবে। এ ছাড়া বিদ্যমান সরকারি বিধি অনুযায়ী তিনি পকেট ভাতা পাবেন। সফরকাল ও যাতায়াতের সময়কে সরকারি দায়িত্ব পালন হিসেবে গণ্য করা হবে।
এমএম/এনএফ