আউটসোর্সিং নিয়োগে সতর্ক থাকার অনুরোধ বাখরাবাদ গ্যাসের

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (বিজিডিসিএল) আউটসোর্সিং প্রক্রিয়ায় জনবল নিয়োগের কথা বলে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অনৈতিক প্রস্তাব থেকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, জনবল সরবরাহের ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া চলাকালীন কোনো দালাল চক্র বা তৃতীয় পক্ষের প্রলোভনে পড়ে প্রতারিত হওয়া থেকে সবাইকে সাবধান থাকতে হবে।
মঙ্গলবার (১০ মার্চ) এক বার্তার মাধ্যমে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই সতর্কবার্তা দিয়েছে।
এতে জানানো হয়, বাংলাদেশ সরকার কর্তৃক জারিকৃত আউটসোর্সিং নিয়োগ নীতিমালা অনুসরণ করে বর্তমানে বিজিডিসিএলে জনবল সরবরাহের ঠিকাদার নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।
বার্তায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, বিজিডিসিএলে আউটসোর্সিং প্রক্রিয়ায় কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে কোনো ব্যক্তি বা দালাল চক্র যদি এলাকাভিত্তিক চাকরি দেওয়ার নামে আর্থিক লেনদেন বা অন্য কোনো অনৈতিক প্রস্তাব দেয়, তবে তা থেকে বিরত থাকতে হবে। এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত লেনদেন বা কর্মকাণ্ডের জন্য বিজিডিসিএল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কোনো দরদাতা, ব্যক্তি বা প্রার্থী যদি কোনো প্রকার আর্থিক লেনদেনের সঙ্গে সম্পৃক্ত হন কিংবা দরপত্র বহির্ভূত কোনো কর্মকাণ্ডে জড়িত হন, তবে এর দায়ভার সংশ্লিষ্ট পক্ষকেই বহন করতে হবে।
এছাড়া নিয়োগ বা দরপত্রের বিষয়ে যেকোনো ধরনের সুপারিশ বা তদবির করা হলে তা সংশ্লিষ্ট দরদাতা বা প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
ওএফএ/বিআরইউ