উত্তরায় গার্মেন্টস ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে ২ হেলমেটধারীর গুলি

ইফতারের ঠিক আগমুহূর্তে রাজধানীর উত্তরায় এক তৈরি পোশাক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে হেলমেট পরিহিত দুই মোটরসাইকেল আরোহী।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর সড়কের ‘জান্নাত’ নামের বাড়িতে এই গুলির ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বাড়ির মালিক আবুল কাশেম পেশায় একজন গার্মেন্টস ব্যবসায়ী এবং এ কে এস বি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। ওই ব্যবসায়ীর এক আত্মীয় জানান, সন্ধ্যার দিকে মোটরসাইকেলে দুই ব্যক্তি এসে গেটে দুটি গুলি করে পালিয়ে যায়। পরে বাড়ির সামনে থেকে আরও দুটি তাজা গুলি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
বাড়ির সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, হেলমেট পরিহিত দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে এসে প্রথমে বাড়িটি রেকি করে। এরপর সামনের রাস্তায় লোকজনের যাতায়াত কমে এলে তারা পুনরায় ফিরে এসে গুলি ছোড়ে এবং পাশের গলি দিয়ে পালিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী নিরাপত্তা কর্মী রফিকুল ইসলাম বলেন, ‘গুলির ঘটনার সময় আমি পার্কিং এলাকায় ইফতার রেডি করছিলাম। অন্য গার্ড মনির গার্ড রুমে খাচ্ছিলেন। তখন হঠাৎ করে অজ্ঞাত ব্যক্তিরা গুলি করে পালিয়ে যায়।’
এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামান বলেন, মোটরসাইকেলে দুই ব্যক্তি এসে ৭ নম্বর সেক্টরের ওই বাড়ির স্টিলের গেটে দুই রাউন্ড গুলি করে পালিয়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, গুলির খবরের পর বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ ও অন্যান্য আলামত সংগ্রহ করেছে।