ইন্টারনেট সেবায় সুখবর, ব্যান্ডউইডথ কিনলে মিলবে অতিরিক্ত বোনাস

দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। সরকারের ‘সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট’ নিশ্চিত করার লক্ষ্য বাস্তবায়নে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ ব্যবহারে বিশেষ বোনাস ও প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
উদ্যোগটির ফলে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ও আইআইজিগুলোর ব্যান্ডউইডথ সংগ্রহের খরচ উল্লেখযোগ্যভাবে কমবে, যার ইতিবাচক প্রভাব পড়তে পারে গ্রাহক পর্যায়েও।
মঙ্গলবার (১০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসসিপিএলসি এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, দুটি পৃথক প্যাকেজের আওতায় এই বিশেষ সুবিধা দেওয়া হবে।
প্রথম প্যাকেজটি কার্যকর হবে কক্সবাজার-সিঙ্গাপুর রুটে নতুন ক্যাপাসিটি ক্রয়ের ক্ষেত্রে। কোনো প্রিপেইড গ্রাহক যদি ২০০ জিবিপিএস নতুন ক্যাপাসিটি কেনেন, তবে তিনি অতিরিক্ত ১০০ জিবিপিএস সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। এ ছাড়া ১০ জিবিপিএস ক্রয়ের ক্ষেত্রে সমপরিমাণ (১০ জিবিপিএস) বোনাস দেওয়া হবে। এমনকি বকেয়া থাকা গ্রাহকেরাও শর্তসাপেক্ষে এই সুবিধা পাবেন; তবে সে ক্ষেত্রে ২০২৬ সালের মধ্যে বকেয়া পরিশোধের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ও চেক প্রদান করতে হবে। এই অফারটি আজ থেকেই কার্যকর হয়েছে।
দ্বিতীয় প্যাকেজটি মূলত সাজানো হয়েছে বিএসসিপিএলসির আইপি ট্রানজিট সেবার গ্রাহকদের জন্য। যেসব প্রিপেইড গ্রাহকের কোনো বকেয়া নেই, তাঁরা শর্তসাপেক্ষে ৭০ শতাংশ পর্যন্ত ‘লিমিটেড ডেস্টিনেশন বোনাস ব্যান্ডউইডথ’ সুবিধা পাবেন। কুয়াকাটা বা কক্সবাজার পপ (PoP) থেকে এই সেবা দেওয়া হবে, যা আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
বিএসসিপিএলসি কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিশেষ প্রণোদনার ফলে আন্তর্জাতিক ব্যান্ডউইডথের দাম প্রতি মেগাবিট ৯০ টাকারও নিচে নেমে আসবে। এতে দেশের ডিজিটাল অবকাঠামো আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
আরএইচটি/বিআরইউ