উচ্চশিক্ষায় বোঝা বাড়াচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়?

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
জামিন করিয়ে দেওয়ার জন্য কোটি টাকা চাওয়ার তদন্ত হবে
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার একজন আসামিকে জামিন করিয়ে দেওয়ার জন্য এক কোটি টাকা চাওয়ার ঘটনা তদন্ত করা হবে। এ জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি ‘ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি’ বা তথ্যানুসন্ধান দল গঠন করা হয়েছে। কমিটির সবাই প্রসিকিউটর।
কালের কণ্ঠ
প্রবাসে অনিশ্চয়তা, পরিবারে উদ্বেগ
ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান মধ্যপ্রাচ্যের একাধিক দেশের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাচ্ছে। হামলা ও পাল্টা হামলা চলছেই। এতে মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যে যুদ্ধের ১০ দিন পার হয়েছে।
কালবেলা
অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে একের পর এক অভিযোগ উঠছে। এই অভিযোগ কখনো ঘুষ লেনদেনের, কখনো দায়ী ব্যক্তিকে আসামি না করে ছেড়ে দেওয়ার। এর আগে সাবেক চিফ প্রসিকিউটর ও আরেকজন প্রসিকিউটরের (রাষ্ট্রপক্ষের আইনজীবীর) বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন অন্য এক প্রসিকিউটর। আশুলিয়ায় হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় যারা জড়িত, তাদের আসামি করা হয়নি মর্মে অভিযোগ তুলেছেন ওই মামলারই দণ্ডপ্রাপ্ত আরেক আসামি। সবশেষ আওয়ামী লীগের কারাবন্দি সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের কাছে ১ কোটি টাকা ঘুষ চেয়েছেন ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর।
কালের কণ্ঠ
মজুদ সক্ষমতা কম, জ্বালানিতে ঝুঁকি
দেশে জ্বালানি তেলের চাহিদা দ্রুত বাড়লেও সেই তুলনায় মজুদ সক্ষমতা বাড়েনি। ফলে বিশ্ববাজারে দামের অস্থিরতা বা সরবরাহে বিঘ্ন ঘটলে বাংলাদেশ বড় ধরনের ঝুঁকির মুখে পড়ছে। জ্বালানি তেল মজুদের পর্যাপ্ত সক্ষমতা গড়ে না ওঠার ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেলে বিপিসির লোকসানের বোঝা ভারী হয়ে ওঠে। আর কম দামের সময় মজুদ সক্ষমতার অভাবে পরিস্থিতির সুযোগ নেওয়া সম্ভব হয় না।
সমকাল
তীব্র তাপ ও আর্দ্রতার বিপদে বাংলাদেশ
বৈশ্বিক উষ্ণতা দ্রুত বাড়তে থাকায় তাপপ্রবাহের ঝুঁকিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় ক্রমেই ওপরে উঠে আসছে বাংলাদেশ। নতুন এক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, বাড়তে থাকা তাপমাত্রা ও আর্দ্রতার প্রভাবে ইতোমধ্যে দেশের কোটি মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড সীমিত হয়ে পড়ছে। বিশেষ করে বয়স্কদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে। গবেষকরা সতর্ক করে বলেছেন, বাংলাদেশের বড় অংশসহ দক্ষিণ এশিয়ার কিছু অঞ্চল ধীরে ধীরে এমন অবস্থার দিকে যাচ্ছে, যেখানে তাপ ও আর্দ্রতার যৌথ প্রভাবে মানুষের বসবাস ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
আজকের পত্রিকা
৮ হাজার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্বরাষ্ট্রের সম্মতি ছাড়াই
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র ছাড়াই অন্তত আট হাজারের বেশি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। এসব লাইসেন্সের অধিকাংশই পেয়েছেন আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং তাঁদের স্বজনেরা।
কালের কণ্ঠ
বিমানে ৪ ‘ভুয়া’ পাইলট!
বিমানে চড়ে আকাশে উড়ছেন। হঠাৎ আপনি জানতে পারলেন, যে পাইলট বিমানটি চালাচ্ছেন, তাঁকে নিয়ে সমস্যা আছে। অন্তত তাঁর লাইসেন্স নিয়ে সমস্যা আছে; তিনি ভুয়া পাইলটও হতে পারেন। ভাবুন তো, আপনার মনের অবস্থা তখন কেমন হবে?
বণিক বার্তা
ইউরোপে পণ্য পাঠাতে সংকটে পড়েছে বাংলাদেশী পোশাক রফতানিকারকরা
যুদ্ধের কারণে লোহিত সাগর ও সুয়েজ খালসহ উপসাগরীয় গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলো কার্যত বন্ধ হয়ে যাওয়ায় সমুদ্রপথে পরিবহন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে দেশে রফতানি আয়ের অন্যতম উৎস পোশাক খাতে চাপ বাড়ার আশঙ্কা করছেন খাতসংশ্লিষ্টরা। তারা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন শুধু আঞ্চলিক নিরাপত্তা নয়, বাংলাদেশের রফতানিমুখী শিল্পের জন্যও ঝুঁকি তৈরি করেছে। বিশেষ করে আট মাস ধরেই রফতানি খাত নেতিবাচক প্রবৃদ্ধির চাপে রয়েছে, তার মধ্যে নতুন এ পরিস্থিতি অতিরিক্ত চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন তারা।
বিবিসি বাংলা
যেভাবে পরিচালিত হয় বাংলাদেশের জাতীয় সংসদ, এবার ব্যতিক্রম যে কারণে
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে বিএনপি। সরকার গঠনের পর এখন বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ। আগামী ১২ই মার্চ এই নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
গত ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পরদিনই অর্থাৎ ১৩ই ফেব্রুয়ারি রাতে নির্বাচিত সংসদ সদস্যদের নামে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আইন অনুযায়ী, গেজেট প্রকাশের ৩০দিনের মধ্যেই অনুষ্ঠিত হতে হয় সংসদ অধিবেশন।
বণিক বার্তা
রোগীর চাপে হিমশিম খাচ্ছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট
বহির্বিভাগে চিকিৎসাসেবা প্রায় শেষের পথে, তবুও টিকিট কাউন্টারের সামনে দীর্ঘ সারি। কেউ টিকিটের অপেক্ষায়, কেউ চিকিৎসকের কক্ষের সামনে বসে বা দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। হাসপাতালের দ্বিতীয় তলায় চিকিৎসা কক্ষগুলোর সামনে অপেক্ষমাণ রোগীর সংখ্যাও কম নয়। চোখের ভালো চিকিৎসার আশায় দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষের চাপ কতটা তীব্র। অনেকের চোখেমুখে ক্লান্তি, তবুও প্রত্যাশা—এখানে তুলনামূলক কম খরচে মিলে উন্নত চিকিৎসা।
যুগান্তর
বছরে ১৩২৭ কোটি টাকা হারানোর শঙ্কা : সিপিডি
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি কার্যকর হলে বছরে সরকারের প্রায় ১ হাজার ৩২৭ কোটি টাকার আমদানি শুল্ক রাজস্ব হারানোর আশঙ্কা রয়েছে। একই সঙ্গে চুক্তির কারণে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আওতাভুক্ত অন্য দেশকেও একই ধরনের সুবিধা দেওয়ার বাধ্যবাধকতা তৈরি হতে পারে। এটি ভবিষ্যতে দেশের বড় ঝুঁকি তৈরি করতে পারে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে মঙ্গলবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলা হয়।
বিবিসি বাংলা
মাইন পেতে রাখা ১৬ যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের, নতুন হামলা ইরানের
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম হরমুজ প্রণালীর কাছে মার্কিন বাহিনী ইরানের ১৬টি মাইন পাতা জাহাজ ধ্বংস করে দেওয়ার দাবি করেছে।
সেন্টকম একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে জাহাজগুলোর ওপর হামলা করা হচ্ছে।
প্রথম আলো
জ্বালানি তেল আমদানির উৎস বাড়াতে চায় সরকার
মার্চে জ্বালানি তেলের সংকট হবে না বলে মনে করছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। তবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে আমদানি ব্যাহত হতে পারে, পিছিয়ে যেতে পারে জাহাজ আসার সময়। কেউ কেউ সরবরাহে অপারগতা প্রকাশ করতে পারে। এই পরিস্থিতিতে চাহিদামতো জ্বালানি আমদানি নিশ্চিত করতে চুক্তির বাইরে নতুন উৎস খুঁজছে সরকার। ভারত থেকেও বাড়তি আমদানির প্রস্তাব দেওয়া হয়েছে।
বণিক বার্তা
উচ্চশিক্ষায় বোঝা বাড়াচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়?
শিক্ষার্থী সংখ্যায় এটি দেশের তৃতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) তথ্য অনুযায়ী, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজে উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীর প্রায় ৮ দশমিক ২০ শতাংশই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে প্রতি বছর। শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও দূরশিক্ষণ পদ্ধতি নিয়ে প্রশ্ন রয়েছে বলে মনে করছেন শিক্ষাসংশ্লিষ্টরা। সশরীরে ক্লাস করার বিষয়ে ছাড় দেয়া, পরীক্ষায় নকলের মতো ঘটনার কারণে প্রতিষ্ঠানটির গ্র্যাজুয়েটদের মান ও দক্ষতা নিয়ে চাকরিদাতা ও শিক্ষাবিদদের মধ্যে প্রশ্ন রয়েছে। তারা বলছেন প্রতিষ্ঠানটি অনেক ক্ষেত্রে চাকরিক্ষেত্রে পদোন্নতি পেতে আগ্রহীদের কোনোমতে ডিগ্রি অর্জনের জায়গা হয়ে উঠেছে এবং বিপুলসংখ্যক সার্টিফিকেটসর্বস্ব গ্র্যাজুয়েট তৈরি করে উচ্চশিক্ষায় আরো বোঝা বাড়াচ্ছে।
বিবিসি বাংলা
বিশ্ববাজারে তেলের দামের ওঠানামা কেন গুরুত্বপূর্ণ
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধের প্রভাব এখন সরাসরি অনুভূত হতে শুরু করেছে, তা আপনি পৃথিবীর যেখানেই বাস করুন না কেন।
যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় এবং তেল উৎপাদনকারী দেশগুলাে উৎপাদন কমিয়ে দেওয়ায়, সরবরাহের যে ঘাটতি তা তেলের দামকে আকাশচুম্বী করে তুলেছে।
বণিক বার্তা
ডিএপি সারের এক-তৃতীয়াংশ আসে সৌদি আরব থেকে, ঝুঁকিতে পড়তে পারে সরবরাহ শৃঙ্খল
চলতি বছর মধ্যপ্রাচ্যের দেশটি থেকে একই পরিমাণ আমদানির লক্ষ্যমাত্রা রয়েছে। তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জেরে হরমুজ প্রণালি বন্ধ থাকায় সৌদি আরব থেকে বাংলাদেশের ডিএপি আমদানি অনিশ্চয়তায় পড়েছে। চলতি মাসে এক লট (৪০ হাজার টন) ডিএপি আমদানির কথা থাকলেও বিএডিসি তা না আনার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি সংস্থাটির দাবি, দেশে পর্যাপ্ত মজুদ থাকায় মার্চে ডিএপি আমদানির প্রয়োজন নেই। তবে বিএডিসির একটি সূত্র এ প্রতিবেদককে জানিয়েছে, মধ্যপ্রাচ্য সংকটের জেরে বিকল্প উৎস দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। এরই মধ্যে চীন ও মিসর বাংলাদেশকে ডিএপি কেনার প্রস্তাব দিয়েছে।