আনোয়ারায় দুই বালু পয়েন্টে অভিযান, দুই লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযান চালিয়ে রাবার ড্যামের পাইপ ধ্বংস করা হয়েছে। একইসঙ্গে একটি স্ক্যাভেটরের (খননযন্ত্র) ব্যাটারি জব্দ এবং দুটি বালু উত্তোলন পয়েন্টে লাল পতাকা টানিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এ সময় মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
বুধবার (১১ মার্চ) উপজেলার বরুমছড়া ইউনিয়নের হাইড্রোলিা রাবার ড্যাম এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম অপসারণ করা হয়। পরিবেশ ও জনস্বার্থের ক্ষতি ঠেকাতে রাবার ড্যামের সঙ্গে সংযুক্ত অবৈধ পাইপলাইন ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্বে দেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।
এসময় আনোয়ারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল আহমেদসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের সময় ব্যবহৃত একটি স্ক্যাভেটরের ব্যাটারি জব্দ করা হয়। পাশাপাশি অবৈধ বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট স্থানে লাল পতাকা টানিয়ে সতর্কসংকেত দেওয়া হয়েছে। অভিযানে স্থানীয় আবছারের বালু পয়েন্টে ১ লাখ টাকা এবং ইউপি সদস্য রায়হান বালু পয়েন্টে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাটিখেকো ও বালু খেকোদের কোনো অবস্থাতেই ছাড় দেয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমআর/এমএসএ