মাসুম মিজানের বিরুদ্ধে মামলার ঘটনায় ক্র্যাব-ডিআরইয়ের নিন্দা

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ডকুমেন্টারি প্রকাশ করায় সাংবাদিক মো. মিজানুর রহমান (মাসুম মিজান)-এর বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বরিশাল প্রেসক্লাব।
সংগঠনগুলো বলছে, তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করা সাংবাদিকতার মৌলিক দায়িত্ব। সেই দায়িত্ব পালন করায় একজন সাংবাদিককে মামলার আসামি করা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী এবং এতে গণমাধ্যমকর্মীদের ওপর অযাচিত চাপ ও ভয়ভীতি সৃষ্টির আশঙ্কা তৈরি হয়।
মঙ্গলবার (১০ মার্চ) পৃথক বিবৃতিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এ ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে। একই ঘটনায় বুধবার (১১ মার্চ) নিন্দা জানিয়েছে বরিশাল প্রেসক্লাবও। সংগঠনগুলোর নেতারা অবিলম্বে সাংবাদিক মাসুম মিজানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ যৌথ বিবৃতিতে বলেন, তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করাই সাংবাদিকের কাজ। পেশাদারিত্বের জায়গা থেকে মাসুম মিজান তাই করেছেন। তাকে মামলায় জড়ানোর অর্থ সাংবাদিকদের কাজে বাধা দেওয়া, যা অত্যন্ত উদ্বেগজনক এবং স্বাধীন সাংবাদিকতার পরিপস্থি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বিবৃতিতে বলেন, জনস্বার্থে কোনো ঘটনার অনুসন্ধান করে তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করা সাংবাদিকতার মৌলিক দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব পালন করায় একজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা অত্যন্ত উদ্বেগজনক। সত্য তথ্য তুলে ধরার কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলে তা গণমাধ্যমের স্বাধীনতা ও অনুসন্ধানী সাংবাদিকতার জন্য নেতিবাচক বার্তা দেয়।
ডিআরইউ নেতারা বলেন, এ ধরনের পদক্ষেপ গণমাধ্যমকর্মীদের ওপর অযাচিত চাপ ও ভয়ভীতি সৃষ্টির শামিল। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ ও স্বাধীন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
এদিকে বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন যৌথ বিবৃতিতে বলেন, তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করাই সাংবাদিকের কাজ এবং পেশাদারিত্বের জায়গা থেকে মাসুম মিজান সেটিই করেছেন। তাকে মামলায় জড়ানো সাংবাদিকদের কাজে বাধা সৃষ্টি করার শামিল, যা স্বাধীন সাংবাদিকতার পরিপস্থি।
সব সংগঠনের নেতারা অবিলম্বে সাংবাদিক মো. মিজানুর রহমান (মাসুম মিজান)-এর বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
/এমএইচএন/এমএসএ