পিটিএ চুক্তির অগ্রগতি নিয়ে প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের আলোচনা

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার মধ্যে দ্রুত সময়ের মধ্যে প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) চুক্তি সম্পাদনের ওপর জোর দিয়েছে উভয় পক্ষ।
বুধবার (১১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্তোওয়াতি। এ সময় তারা পিটিএ চুক্তির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বৈঠকে উভয় পক্ষই উল্লেখ করেছে, উভয় দেশ আগামী বছর কূটনৈতিক সম্পর্কের ৫৫তম বার্ষিকী উদযাপন করবে, যা দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও গভীর করার সুযোগ দেবে।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন।
প্রতিমন্ত্রী আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের পক্ষে ইন্দোনেশিয়ার সমর্থন কামনা করেন এবং জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বসহ আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের জন্য অব্যাহত সমর্থন অনুরোধ করেন।
এনআই/এমএসএ