আনসার-ভিডিপির ২৯ হাজার সদস্যকে ঈদ উপহার

ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাভোগী সদস্য-সদস্যা ও কর্মচারীদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলার মোট ২৯ হাজার ৩৭ জন সদস্য ও কর্মচারী এ উপহার পেয়েছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার খিলগাঁওয়ে বাহিনীর সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান।
বিজ্ঞাপন
তিনি জানান, উপহার সামগ্রীর প্যাকেটে ছিল পোলাউয়ের চাল, সেমাই, সুজি, গুঁড়া দুধ, নুডলস এবং বিভিন্ন ধরনের রান্নার মসলা। ঈদকে সামনে রেখে সদস্য ও কর্মচারীদের মাঝে আনন্দ ও সম্প্রীতির পরিবেশ তৈরির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মহাপরিচালক বলেন, দেশের সর্ববৃহৎ এই শৃঙ্খলা ও গণপ্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নানাবিধ প্রতিকূলতা অতিক্রম করে নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বাহিনীর কার্যক্রমের বিভিন্ন চ্যালেঞ্জ ও সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানের মাধ্যমে বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত রাখার কথা উল্লেখ করেন। পাশাপাশি রাষ্ট্রের সার্বিক কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশীদার হিসেবে আনসার ও ভিডিপি সদস্যদের ঐক্য, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, দেশের গ্রামীণ সমাজকে শক্তিশালী করার লক্ষ্যে ১৯৭৬ সালে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) প্রতিষ্ঠিত হয়। প্রত্যন্ত অঞ্চলে সামাজিক নিরাপত্তা জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে স্বেচ্ছাসেবী হিসেবে ভিডিপি সদস্যরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, উপ-মহাপরিচালকবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসএএ/এমএসএ