চট্টগ্রামে দুস্থদের খাদ্য সহায়তা দিলেন জেলা প্রশাসক

চট্টগ্রামে দুস্থ, অসহায় ও ভাসমান মানুষদের খাদ্য সহায়তা দিয়েছেন জেলা প্রশাসন। শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজ শেষে নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে এই সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ২৫০ জন অসহায়, ভাসমান মানুষ ও ভিক্ষুকের হাতে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ১ কেজি দেশি মসুর ডাল, ১ কেজি আয়োডিনযুক্ত লবণ, ১ কেজি চিনি ও ১ লিটার ভোজ্য তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সমাজে বসবাস করলে একা ভালো থাকা যায় না। সমাজের সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। যারা ভালো অবস্থানে আছেন তাদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি আরও বলেন, কোনো অসহায় মানুষ যেন উৎসবের দিনে অনাহারে না থাকে, সে লক্ষ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক এলএ মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি পাঠান মো. সাইদুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ছাইফুল্লাহ মজুমদারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
এমআর/এমএন