মধ্যপ্রাচ্যনির্ভর শ্রমবাজার, যুদ্ধের কারণে অনিশ্চয়তা

ঢাকা পোস্ট ডেস্ক
বিজ্ঞাপন
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
বিজ্ঞাপন
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নতুন কৌশল সাজাচ্ছে কার্যক্রমে নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামী লীগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাইরে থাকা দলটি এখন সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ—এই চার স্তরের নির্বাচনে কীভাবে নিজেদের অন্তর্ভুক্ত করা যায়, সেই কৌশল খুঁজছে। তাদের লক্ষ্য স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ধীরে ধীরে নির্বাচনী রাজনীতিতে ফিরে আসা।
কালবেলা
ডিও লেটারে বিশেষ টিম!
বিজ্ঞাপন
দুর্নীতির এন্তার অভিযোগ মাথায় নিয়ে সংসদ নির্বাচনের দুদিন পরই ছাড়েন দেশ। আর দেশত্যাগের পর থেকেই আরও নতুন নতুন দুর্নীতি-অনিয়মের অভিযোগ উঠছে বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ফয়েজ আহমদ তৈয়্যবের বিরুদ্ধে। যিনি আধাসরকারি সুপারিশপত্রের (ডিও লেটার) মাধ্যমে নিজের ঘনিষ্ঠজনদের সরকারি প্রকল্পে নিয়োগ দেওয়ার এক ‘অনন্য’ নজির স্থাপন করেছেন। প্রতিযোগিতামূলক নিয়োগ প্রক্রিয়া অনুসরণ না করে নিজের পছন্দের ব্যক্তিদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের বিভিন্ন প্রকল্পে কনসালট্যান্ট পদে নিয়োগ দেওয়ার মাধ্যমে একটি ‘বিশেষ টিম’ গড়ে তোলেন ফয়েজ আহমদ তৈয়্যব। পরে রাষ্ট্র ও দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত প্রকল্পে নিয়োগ পাওয়া এসব ব্যক্তিকে নিজেদের নির্ধারিত দায়িত্বের বাইরে ব্যবহার করা হতো ফয়েজের ব্যক্তিগত নির্দেশনা বাস্তবায়নে।
কালের কণ্ঠ
ঢাকায় মশার দাপট চরমে, বাড়ছে ডেঙ্গুর ভয়
গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা। গুলশান পুলিশ প্লাজার সামনে ফুটপাতে চা পান করছিলেন বেসরকারি চাকরিজীবী খাইরুল ইসলাম জীবন। কিছুক্ষণ পরই তিনি বিরক্ত হয়ে হাত-পা নাড়াতে থাকেন। পাশের সহকর্মীকে বলেন, ‘চা স্টল থেকে বাসা —কোথাও বসে স্বস্তি নেই।
বণিক বার্তা
ঈদযাত্রায় ভোগাতে পারে মহাসড়কের ২০৭ যানজট ও ২৮৫ দুর্ঘটনাপ্রবণ স্থান
ঈদকে ঘিরে ঘরমুখো মানুষের ঢল নামতে শুরু করেছে। রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় যাত্রা করা লাখো মানুষের প্রধান ভরসা দেশের মহাসড়কগুলো।
কালের কণ্ঠ
সড়কে ৩১৪ এলাকায় দুর্ঘটনার বিপদ
সড়ক দুর্ঘটনার বিভিন্ন মাত্রার ঝুঁকিতে রয়েছে দেশের কমপক্ষে ৩১৪টি এলাকা। এর মধ্যে ১৩৯টি অতি দুর্ঘটনাপ্রবণ ও ১৭৫টি দুর্ঘটনাপ্রবণ। রোড সেফটি ফাউন্ডেশন ২০২০ থেকে ২০২৪ সালে গণমাধ্যমে প্রকাশিত ও নিজের সংগ্রহ করা তথ্যের ৩৭ হাজার সড়ক দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করে এসব এলাকাকে শনাক্ত করেছে। দুর্ঘটনার ধরন ও মাত্রা বিশ্লেষণের মাধ্যমে এই অতি দুর্ঘটনাপ্রবণ ও দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে।
বণিক বার্তা
ভূরাজনীতির পরবর্তী সংঘাতের কেন্দ্র কি মিয়ানমার
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার গেটওয়ে হিসেবে পরিচিত দেশটির গৃহযুদ্ধ শুধু অভ্যন্তরীণ সংকট নয়; বরং তা ক্রমেই ইন্দো-প্যাসিফিক ভূরাজনীতির স্পর্শকাতর অক্ষ হয়ে উঠছে। বিশেষ করে রাখাইন রাজ্য এবং সেখানে চীনের নির্মিত কিয়াকফিউ ডিপ-সি পোর্ট এ সমীকরণকে নতুন মাত্রা দিয়েছে। বেইজিংয়ের জন্য কিয়াকফিউ শুধু বন্দর নয়, বরং মালাক্কা প্রণালিনির্ভরতার ঝুঁকি কমিয়ে বঙ্গোপসাগর হয়ে জ্বালানি ও বাণিজ্যের বিকল্প করিডোর গড়ে তোলার কৌশলগত প্রবেশদ্বার। একই সঙ্গে এটি চীনের নৌশক্তির জন্য লজিস্টিক হাব হতে চলেছে।
কালের কণ্ঠ
যুদ্ধে অর্থনীতিতে নতুন ঝুঁকি
মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েল ও ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় বাংলাদেশের অর্থনীতিতে নতুন এক অনিশ্চয়তা তৈরি হয়েছে। জ্বালানি সরবরাহে বিঘ্ন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং পরিবহন ব্যয় বাড়ার ফলে দেশের মূল্যস্ফীতির ওপর নতুন করে চাপ তৈরি হচ্ছে। একই সঙ্গে বিনিয়োগ কমে যাওয়া, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি এবং কর্মসংস্থান সৃষ্টির গতি কমে যাওয়ার ঝুঁকিও দেখা দিয়েছে। অর্থনীতিবিদদের মতে, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে সামষ্টিক অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগতে পারে।
বণিক বার্তা
মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে বৈশ্বিক ডিজিটাল অর্থনীতি
মধ্যপ্রাচ্যে সংঘাত ধীরে ধীরে বৈশ্বিক ডিজিটাল অর্থনীতির জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। ইরান যুদ্ধের কারণে সেমিকন্ডাক্টর শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামাল সরবরাহ, জ্বালানি নিরাপত্তা এবং প্রযুক্তি অবকাঠামোর ওপর বাড়ছে চাপ।
প্রথম আলো
মধ্যপ্রাচ্যনির্ভর শ্রমবাজার, যুদ্ধের কারণে অনিশ্চয়তা
বিদেশে কর্মসংস্থান মূলত মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল। এর মধ্যে সবচেয়ে বেশি কর্মী যান সৌদি আরবে। ইরান যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ফ্লাইট অনিয়মিত হয়ে পড়েছে। প্রবাসীরা ঝুঁকিতে আছেন, কাজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ছুটিতে দেশে বেড়াতে এসে কেউ কেউ আটকাও পড়েছেন। অনেক নতুন কর্মী যেতে পারছেন না। সব মিলিয়ে ঝুঁকিতে পড়েছে বিদেশের কর্মসংস্থান।
প্রথম আলো
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক: বিআরটি ও অবৈধ বাজার নিয়ে শঙ্কা
রাজধানীতে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ পথ গাজীপুর। এ জেলায় থাকা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে উত্তরাঞ্চলসহ প্রায় ৩২টি জেলার মানুষ ঢাকায় যাতায়াত করেন। ঈদ এলে মানুষের ঢল নামে এই মহাসড়কে। নানা দুর্ভোগ সঙ্গী করে পৌঁছাতে হয় গন্তব্যে। নির্মাণাধীন সড়ক, যানবাহনের বাড়তি চাপ, যত্রতত্র গাড়ি দাঁড় করানো ও যাত্রী ওঠানো-নামানোর কারণে এবারের ঈদেও এ মহাসড়ক হয়ে চলাচলে ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।
যুগান্তর
পাচারকারীদের বিরুদ্ধে মামলা হবে বিদেশে
দেশ থেকে পাচার হওয়া সম্পদ উদ্ধারে ফৌজদারি ও দেওয়ানি কার্যক্রম শুরু করেছে সরকার। দেশীয় ও আন্তর্জাতিক ফৌজদারি ও দেওয়ানি আইনের আওতায় এই কার্যক্রম চলবে। পাচার করা সম্পদের গোয়েন্দা তথ্য সংগ্রহ, সেই তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক ও দেশীয় সংস্থাগুলোর মাধ্যমে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে।
প্রথম আলো
বগুড়ার ৫ টাকার শিম ঢাকায় আসতে আসতে যেভাবে ৭০ টাকা হয়ে যায়
খেত থেকে সবজি তুলে বিক্রির জন্য কৃষক যে হাটে নেন, সেখান থেকেই শুরু হয় কৃষিপণ্যে নামে–বেনামে টাকা আদায়। এরপর ভোক্তা পর্যন্ত সেই সবজি পৌঁছাতে বারবার হাতবদল হয় আর ধাপে ধাপে বাড়ে দাম। পরিবহন খরচের পাশাপাশি যাত্রাপথে পরিবহন মালিক–শ্রমিক সংগঠনের চাঁদাবাজি ও পৌরসভার ইজারাদারের চাঁদার টাকাও যুক্ত হয় পণ্যের দামে।
আজকের পত্রিকা
জাল সনদে ১২৮ শিক্ষক, ফেরত দিতে হবে টাকা
খুলনার পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন কর্মরত সহকারী শিক্ষক (গণিত) রাবেয়া বেগম (ছদ্মনাম)। এমপিওভুক্ত শিক্ষক হিসেবে তিনি সরকারের কাছ থেকে বেতন - ভাতা পাচ্ছেন । তবে তাঁর জমা দেওয়া শিক্ষক নিবন্ধন সনদটি ভুয়া বলে চিহ্নিত হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে। বেতন-ভাতা বাবদ সরকারের কাছ থেকে নেওয়া ১১ লাখ ২০ হাজার টাকা এখন তাঁকে ফেরত দিতে হবে।
সমকাল
জ্বালানি আমদানির উৎস সীমিত, উৎপাদনও কম
বাংলাদেশের জ্বালানি খাতের চিত্র গত এক দশকে ক্রমেই জটিল হয়ে উঠেছে। দেশে প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়ামজাত জ্বালানির চাহিদা দ্রুত বেড়েছে, কিন্তু দেশীয় উৎপাদন সেই হারে বাড়েনি। প্রাকৃতিক গ্যাসের উৎপাদন হ্রাস এবং দেশের একমাত্র তেল শোধনাগারের সীমিত সক্ষমতার কারণে বিদ্যুৎ, শিল্প, পরিবহন ও কৃষি ক্ষেত্রে জ্বালানি সরবরাহ বজায় রাখতে আমদানির ওপর নির্ভরতা ক্রমেই বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং আমদানির উৎস সীমিত থাকায় বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এখন ঝুঁকির মধ্যে রয়েছে।
আজকের পত্রিকা
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: জ্বালানির সংকটে আশার আলো দেখছে বাংলাদেশ
মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে ইরান হরমুজ প্রণালি বন্ধ করায় বিশ্বে তেল-গ্যাসের সরবরাহে বড় ধরনের টান পড়েছে। এখন পর্যন্ত প্রয়োজনীয় মজুত থাকলেও বাংলাদেশের ওপর সংকটের প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে সংকট থেকে রেহাই পেতে বাংলাদেশের জন্য দুটি নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
সমকাল
জ্বালানি সংকটে ঈদযাত্রায় ভোগান্তি বাড়ার শঙ্কা
নীলাচল পরিবহনের বাসের সংখ্যা ৩৫০টি। এর ৯৫টি চলে ঢাকা থেকে কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুরের মতো দূরপাল্লার রুটে। গত বৃহস্পতিবার ৩০টি বাস বন্ধ ছিল তেল সংকটে। কোম্পানিটির গাবতলী-নরসিংদী রুটের ৪০ বাসের ১৬টি বন্ধ ছিল ফিলিং স্টেশনে (তেলের পাম্প) যানবাহনের দীর্ঘ সারির কারণে জ্বালানি না পেয়ে।
আজকের পত্রিকা
জনবলসংকটে অচল আট কোটি টাকার মৎস্য ল্যাব
সাতক্ষীরায় জনবলের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে মাছের ভাইরাস পরীক্ষার আট কোটি টাকার ল্যাব। এদিকে ভাইরাস পরীক্ষার সুযোগ না থাকায় প্রতিবছর মরে যাচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি। মৎস্যজীবীদের দাবি, অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে সচল করা হোক বহুল কাঙ্ক্ষিত এই ল্যাব।
বিবিসি বাংলা
ইরান যুদ্ধ : পানি কি হয়ে উঠেছে যুদ্ধের অস্ত্র?
প্রাকৃতিক সম্পদ ফুরিয়ে যাওয়া নিয়ে সংঘাতের মতো দুঃস্বপ্নের কাহিনি সিনেমায় বা গল্পে পড়ি আমরা। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যুদ্ধ যতই নিবিড় হচ্ছে, ততই যেন ওই গল্প বা সিনেমার দৃশ্যগুলোর কাছাকাছি পৌঁছে যাচ্ছে রূঢ় বাস্তবটা।
এই যুদ্ধটা শুরু হয়েছিল তেলকে কেন্দ্র করে। এই অঞ্চলে বহু দিন ধরে পশ্চিমা হস্তক্ষেপের কারণ হয়ে থেকেছে ওই তেল।
বিবিসি বাংলা
ইরানের গুরুত্বপূর্ণ 'তেল দ্বীপে' সব সামরিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংসের দাবি ডোনাল্ড ট্রাম্পের
ইরানের খারগ দ্বীপের সব সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বলেছেন, সেখানকার তেল অবকাঠামোর কোনো ক্ষতি করা হয়নি।
বিবিসির মাইকি কে'র ব্যাখ্যা অনুযায়ী, এই দ্বীপটি থেকেই ইরানের ৯০ শতাংশ তেল রপ্তানি হয় এবং এটিকে তেহরানের অর্থনীতির লাইফলাইন বলা হয়।
কালবেলা
অদক্ষ হাতে সংসদের সাউন্ড মাইকে ফুটে উঠল লজ্জা
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে বৃহস্পতিবার প্রথমবার বক্তব্য দিতে গিয়ে মাইক বিভ্রাটের মুখে পড়েন নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একপর্যায়ে হ্যান্ডমাইক ব্যবহার করে অধিবেশন মুলতবি ঘোষণা করেন তিনি। নতুন সংসদের উদ্বোধনী অধিবেশন চলাকালে ব্যবহৃত এমন বিভ্রাটের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়ে গণপূর্ত অধিদপ্তর। এ নিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যরা ক্ষোভ প্রকাশ করে সংসদে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়াও জানান।