যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় নিজ রুমে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আল আমিন (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় মজুরের কাজ করতেন বলে জানিয়েছেন স্বজনরা।
বিজ্ঞাপন
শনিবার (১৪ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আল আমিনকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী রাসেল জানান, আল আমিন শনির আখড়া এলাকায় ভাড়া থাকতো। দিনমজুরের কাজ করত সে। গতরাতে নিজ রুমে মোবাইলে চার্জ দেওয়ার সময় অসাবধানবশত বৈদ্যুতিক বোর্ডে বিদ্যুৎ স্পর্শে অচেতন হয়ে পড়ে সে। বিষয়টি জানতে পেরে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান সে আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছিল।
বিজ্ঞাপন
এসএএ/জেডএস