বিজ্ঞাপন

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়ন এলাকা চাঁদা দাবির অভিযোগে চারজনের নাম উল্লেখসহ আদালতে মামলা করা হয়েছে।  

রোববার (১৫ মার্চ) চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি রেকর্ড করা হয়। 

আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলা ইউনিটকে নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আয়াত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলায় প্রধান আসামি করা হয়েছে হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীকে। এছাড়া অন্যান্য আসামিরা হলেন- জয় মালাকার (২৮), শামসুল আলম মন্টু চৌকিদার (৪০) ও জাহেদুল হাসান চৌধুরী ওরফে সিফাত (৩২)।

মামলার অভিযোগে ভূজপুর থানা এলাকার বাসিন্দা কৃষ্ণা মালাকার জানান, আসামিরা দীর্ঘদিন ধরে তাকে বসতভিটা থেকে উচ্ছেদ করার চেষ্টা করে আসছে এবং সেখানে বসবাস করতে হলে পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে হুমকি দেয়। ২০২৪ সালের ২৫ অক্টোবর সকালে প্রথম দফায় আসামিরা বাড়িতে গিয়ে বাদীকে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এরপর সবশেষ গত ১০ মার্চ আবারও আসামিরা বাদীর বাড়িতে গিয়ে গালিগালাজ করে এবং পানির ট্যাংকির পাইপসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষতি করে। 

এর আগেও চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে একটি ইটভাটায় ৫০ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ উঠেছিল। এ ঘটনায় গত ২৬ ফেব্রুয়ারি চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছিলেন মো. শফিউল আলম নামে এক ব্যক্তি। বর্তমানে মামলাটি ভূজপুর থানায় তদন্তাধীন রয়েছে।

এমআর/এমএসএ