বাঁশখালীতে ট্রলিং বোট-জালসহ ৪ জেলে আটক

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ চারজন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বিজ্ঞাপন
সোমবার (১৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার শেখেরখীল মাছঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৪ লাখ টাকা মূল্যের দুটি ট্রলিং জাল ও ৪০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় বোটের সঙ্গে সংশ্লিষ্ট চারজন জেলেকে আটক করেন কোস্ট গার্ড সদস্যরা।
অভিযান শেষে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ এবং অবৈধ ট্রলিং জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া উদ্ধার করা সামুদ্রিক মাছগুলো নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
কোস্ট গার্ড জানিয়েছে, দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অবৈধ মৎস্য আহরণবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমআর/বিআরইউ