সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

‘এমভি জাকির স্মার্ট–৩’ নামক লঞ্চের সংঘর্ষ ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ী ব্যক্তিদের শনাক্তকরণের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক ৬ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ মার্চ) নৌপরিবহন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জাানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৮ মার্চ সদরঘাটের ১৪ নম্বর পন্টুনের কাছে ঢাকা–ইলিশা (ভোলা) রুটের ‘আসা যাওয়া–৫’ নামক একটি লঞ্চের সঙ্গে ঢাকা–দৌলতদিয়া–যশোরহাট রুটের ‘এমভি জাকির স্মার্ট–৩’ নামক লঞ্চের সংঘর্ষ ঘটে এবং হতাহতের ঘটনা ঘটে।
সংঘটিত দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ী ব্যক্তিদের শনাক্তকরণের নিমিত্ত নৌপরিবহন মন্ত্রণালয় কতৃক ৬ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞাপন
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল ইসলামকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন– ঢাকা অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, বিআইডব্লিউটিএ’র পরিচালক (ক্রয় ও সংরক্ষণ) এস এম শাহেদ রেজা, নৌপরিবহন অধিদফতরের ইঞ্জিনিয়ার ও শিপ সার্ভেয়ার (সদরঘাট) মোহাম্মদ এহতেছানুল হক ফকির, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সহকারী পরিচালক (অপারেশন) এ কে এম শামসুজ্জোহা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মেহেদী হাসান।
উক্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে সুপারিশসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয় এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করছে এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। একইসঙ্গে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করেছে।
এনআই/এমএন