দুই চুন কারখানা গুঁড়িয়ে দিল তিতাস, দৈনিক বাঁচবে ২ লাখ টাকার গ্যাস

মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ গ্যাসে চলা চুন উৎপাদনের দুই কারখানা গুঁড়িয়ে দিয়েছে তিতাস কর্তৃপক্ষ। একইসঙ্গে এসব কারখানার পাঁচটি চুল্লি ধ্বংস করা হয়। ফলে প্রতিদিন প্রায় ২ লাখ ৩ হাজার ৮৭৫ টাকার গ্যাস সাশ্রয় হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এর আগে, বুধবার এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
মন্ত্রণালয় জানায়, গজারিয়া উপজেলার ভাটের চর ও বালুয়াকান্দি এলাকায় তিতাস গ্যাস মেঘনা অঞ্চলের উদ্যোগে অভিযান চালানো হয়। এর মধ্যে উপজেলার ভাটের চরে একটি অবৈধ চুনা কারখানার তিনটি চুল্লি ও বালুয়াকান্দিতে একটি কারখানার দুটি চুল্লি ভেঙে ধ্বংস করে দেওয়া হয়। অভিযানে দুই ইঞ্চি ব্যাসের প্রায় ৩০ ফুট পাইপ জব্দ করা হয়। এছাড়া দুই ইঞ্চি প্লাস্টিক পাইপ তাৎক্ষণিক নষ্ট করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত জানায়, উচ্ছেদ করা দুটি চুনা কারখানার পাঁচটি চুল্লির গ্যাস ব্যবহার ছিল ঘণ্টায় ১০ হাজার ঘনফুট। এ হিসাবে দৈনিক উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস অপচয় রোধ করা সম্ভব হয়েছে। অভিযানের সময় কারখানার মালিকদের উপস্থিতি না থাকায় কাউকে জরিমানা বা কারাদণ্ড দেওয়া সম্ভব হয়নি। ফলে এদিন কোনো জরিমানা বা মামলা করা হয়নি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে চালানো এ অভিযানে এক্সক্যাভেটর মেশিনে অবৈধ স্থাপনাগুলো পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
এমআরআর/জেডএস