ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি

দুপুর থেকে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞাপন
শুক্রবার (২০ মার্চ) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
এছাড়া পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ার আকারে ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বেগ পেতে পারে। দুপুর ১২টায় ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা ছিল ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় আর্দ্রতা ছিল ৮০ শতাংশ।
বিজ্ঞাপন
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।
এমএইচএন/এমএন