হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সিতে ৮০ টাকার প্যাকেজে ৩০ মিনিটের আনন্দ ভ্রমণ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এবার ঈদে লম্বা ছুটি মিলেছে নগরবাসীর। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের ছুটি কাটাতে গত কয়েক দিনে ঢাকা ছেড়েছেন সিংহভাগ মানুষ।
বিজ্ঞাপন
যারা ঢাকায় আছেন, তারা ঈদের দিন বিকেল থেকে ভিড় জমিয়েছেন বিনোদনকেন্দ্রগুলোতে। সেভাবেই রাজধানীর অন্যতম বিনোদনকেন্দ্র হাতিরঝিলজুড়েই মানুষের উপচে পড়া ভিড়। যারা হাতিরঝিলে আসছেন, তাদের বেশির ভাগই পরিবারসহ ওয়াটার ট্যাক্সিতে আনন্দ ভ্রমণে অংশ নিচ্ছেন। অন্যান্যবার ঈদের তিন-চার দিন ধরে নিয়মিত যাত্রী পারাপার বন্ধ রেখে শুধু ‘ঈদ আনন্দ ভ্রমণ প্যাকেজ’ পরিচালনা করত ওয়াটার ট্যাক্সি কর্তৃপক্ষ। তবে এবার আনন্দ ভ্রমণের পাশাপাশি নিয়মিত যাত্রী পরিবহনও চালু রয়েছে।
যারা নিয়মিত যাত্রীর মতো আনন্দ ভ্রমণ করছেন, তাদের এক জেটি থেকে অন্য জেটিতে যেতে জেটিভেদে ভাড়া গুনতে হচ্ছে ২৫ ও ৪০ টাকা। একইভাবে আধা ঘণ্টা ওয়াটার ট্যাক্সিতে আনন্দ ভ্রমণের জন্য ৮০ টাকার আলাদা প্যাকেজ রাখা হয়েছে।
হাতিরঝিলে এসে ওয়াটার ট্যাক্সিতে আনন্দ ভ্রমণে অংশ নিয়েছেন বেসরকারি চাকরিজীবী আলাউদ্দিন আহমেদ এবং তার পরিবার। তিনি বলেন, “এবার ঈদে গ্রামের বাড়ি যাওয়া হয়নি, ঢাকাতেই ঈদ পালন করছি। তাই বিকেলের দিকে স্ত্রী-সন্তানসহ হাতিরঝিলে ঘুরতে এসেছি। ঘোরাঘুরি ও খাওয়া-দাওয়ার পর ওয়াটার ট্যাক্সিতে ঘুরলাম। গুলশান ঘাট থেকে এফডিসি ঘাট গেলাম, আবার গুলশান ঘাটে ফিরে এলাম। জনপ্রতি ভাড়া লাগল ৪০+৪০ মিলিয়ে ৮০ টাকা। মূলত বিনোদনের জন্যই ওয়াটার ট্যাক্সিতে উঠলাম। আমাদের মতো যারাই হাতিরঝিলে ঘুরতে আসছে, তারাই একবার করে ওয়াটার ট্যাক্সিতে উঠে ঘুরছে।”
বিজ্ঞাপন
গুলশান ওয়াটার ট্যাক্সি ঘাটে দায়িত্বরত আব্দুল্লাহ আল মামুন বলেন, “প্রতিবার ঈদের ৩ দিন শুধু ঈদ আনন্দ ভ্রমণ প্যাকেজ থাকলেও এবার যাত্রী পারাপার সার্ভিসও চালু রাখা হয়েছে। প্রতি আধা ঘণ্টা ওয়াটার ট্যাক্সিতে আনন্দ ভ্রমণ প্যাকেজের দাম রাখা হচ্ছে জনপ্রতি ৮০ টাকা। তবে সেই প্যাকেজের চাহিদা কম; বিনোদনপ্রেমী মানুষেরা যাত্রীর মতোই এক জেটি থেকে অন্য জেটিতে গিয়ে আনন্দ ভ্রমণ করছে, আবার ওই পারে ঘুরে ফের ফিরে আসছে। সে ক্ষেত্রে জেটি অনুযায়ী এক ঘাট থেকে অন্য ঘাটে জনপ্রতি ভাড়া পড়ছে ২৫ ও ৪০ টাকা করে।”

হাতিরঝিলে পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে এসেছেন সব শ্রেণির মানুষ। অনেকে বন্ধুবান্ধবের সঙ্গে হেঁটে বেড়াচ্ছেন, আবার ছোট ছোট বাচ্চারাও দল বেঁধে ওয়াটার ট্যাক্সিতে ঈদ আনন্দ উপভোগ করতে এসেছে। ওয়াটার ট্যাক্সিতে উঠে হাতিরঝিলের পানির পটভূমিতে অনেকেই মেতেছেন সেলফি তোলায়।
দর্শনার্থীরা বলছেন, ইট-পাথরের আর কংক্রিটের এই শহরে বুক ভরে শ্বাস নেওয়ার জায়গা অনেক কম। এই ব্যস্ত নাগরিক জীবনে কিছুটা স্বস্তি পেতে সব সময়ই উপলক্ষ খুঁজে বেড়ায় নগরবাসী। তেমনি এক উপলক্ষ্য- ঈদুল ফিতর। প্রত্যেক বছরের মতো ব্যতিক্রম হয়নি এবারও।
বিজ্ঞাপন
ঈদের দিন হাতিরঝিলসহ রাজধানীর বিভিন্ন বিনোদন স্পটে ভিড় করেছেন নগরবাসী। চারপাশে গাছপালা, বসার সুব্যবস্থা, আলোকসজ্জা, পানির নৃত্যসহ নিরিবিলি বসে একটু সময় কাটানোর জন্য ঢাকাবাসীর কাছে হাতিরঝিল বেশ জনপ্রিয়। তাই ঈদের দিন বিনোদনপ্রেমীদের পদচারণায় মুখরিত এই বিনোদনকেন্দ্রটি। এখানে কেউ এসেছেন পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে, কেউবা আপনজন ও বন্ধুদের নিয়ে। সব মিলিয়ে ঈদের দিনে মানুষের ঢল নেমেছে হাতিরঝিলে।
এএসএস/বিআরইউ