ঢামেক হাসপাতালের পাশেই পড়েছিল যুবকের মরদেহ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবন মসজিদের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তার বয়স আনুমানিক ৪০ বছর।
বিজ্ঞাপন
বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মো. আজিম জানান, আজ সকালের দিকে খবর পেয়ে নতুন ভবনের নুর মসজিদের পাশ থেকে অচেতন অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখি। পরে কয়েকজন ট্রলিম্যানের সহায়তায় তাকে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই যুবক আর বেঁচে নেই।
এ বিষয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক জানান, খবর পেয়ে জরুরি বিভাগের মর্গ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা ঘটনাস্থলের আশপাশের লোকদের জিজ্ঞেস করে ওই যুবকের নাম পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজ্ঞাপন
এসএএ/জেডএস