রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনই একমাত্র সমাধান

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে প্রত্যাবাসনের মাধ্যমে এই সংকট সমাধানের একমাত্র কার্যকর উপায় বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বিজ্ঞাপন
বুধবার (২৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইজসন সৌজন্য সাক্ষাতে এলে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ভাসানচর এবং কক্সবাজারে থাকা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা বজায় রেখে বাস্তব পথ চিহ্নিত করার জন্য বাংলাদেশ ইউএনএইচসিআর এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাবে।
তিনি বিদ্যমান তহবিল ঘাটতির পরিপ্রেক্ষিতে ইউএনএইচসিআর-এ যৌথ সাড়াদান প্রক্রিয়ার (জেআরপি) অধীনে খাদ্য, ওষুধ, পানি এবং স্যানিটেশন এবং শিক্ষাসহ সর্বাধিক চাপের মানবিক প্রয়োজনগুলি মোকাবিলা করার জন্য চলমান প্রচেষ্টা বজায় রাখার আহ্বান জানান।
বিজ্ঞাপন
তারা উভয়ে রোহিঙ্গাদের অর্থায়ন ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি বাড়াতে সহযোগিতা করতে সম্মত হন।
ইভো ফ্রেইজসন বছরের পর বছর ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাদের আতিথেয়তার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই মানবিক সংকটে বাংলাদেশকে সহায়তা করার জন্য সংস্থাটির অবিচল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এনআই/এমএন