উত্তরায় কিটামিন তৈরির ল্যাবের সন্ধান, ৩ বিদেশি গ্রেপ্তার

রাজধানীর উত্তরার একটি আবাসিক এলাকায় আস্ত এক মাদকের ল্যাবের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সেখান থেকে বিপুল পরিমাণ কিটামিনসহ তিন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২৫ মার্চ) রাতে উত্তরার ১০ নম্বর সেক্টরে এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাক আহমেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১০ নম্বর সেক্টরের লাইলা গার্ডেন এলাকার একটি বাড়িতে গোপনে এই মাদক প্রস্তুত করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে হানা দিয়ে ল্যাবটির সন্ধান পাওয়া যায়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার করা ল্যাবটি ছিল অত্যন্ত সুসংগঠিত। সেখানে কিটামিন উৎপাদনের বিপুল পরিমাণ সরঞ্জাম ও কাঁচামাল মজুত ছিল। ঘটনাস্থল থেকে উল্লেখযোগ্য পরিমাণ প্রস্তুত কিটামিনও জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার তিন বিদেশি নাগরিকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
বিজ্ঞাপন
বর্তমানে ওই এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ঢাকার উপপরিচালক মো. মেহেদী হাসান এবং সহকারী পরিচালক মোস্তাক আহমেদ উপস্থিত রয়েছেন।
এসএএ/বিআরইউ