৩ দিনের ছুটি : ট্রেনে আসা-যাওয়া যাত্রীর চাপ কম

পবিত্র ঈদুল ফিতরের ষষ্ঠ দিনে আজ (বৃহস্পতিবার) রাজধানীর অন্যতম প্রবেশপথ কমলাপুর রেলওয়ে স্টেশন অনেকটা খালি পড়ে রয়েছে। ঈদের টানা সাত দিনের ছুটির পর দুইদিন অফিস শেষে নতুন করে তিনদিনের ছুটি শুরু হওয়ায় গতকাল অনেকেই আবারও ঢাকা ছেড়েছেন অনেকে। অন্যদিকে যারা গতকাল পর্যন্ত ঢাকায় আসেননি, তাদের অনেকেই স্বাধীনতা দিবসের ছুটি ও সাপ্তাহিক দুই দিন ছুটি শেষে আগামী শনি-রোববার ঢাকায় ফিরবেন। এতে সকাল থেকে ট্রেনে আসা-যাওয়া যাত্রীদের তুলনামূলক কম চাপ দেখা গেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিভিন্ন জেলা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে অন্তত ১০টি ট্রেন পৌঁছেছে। বিপরীতে বিভিন্ন জেলা থেকে স্টেশন ছেড়ে গেছে অর্ধ ডজনের বেশি ট্রেন। আসা-যাওয়া কোনো ট্রেনেই যাত্রীতের তেমন ভিড় দেখা যায়নি।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যারা ঢাকায় ফিরছেন তারা ঈদের আগেই বাড়িতে গিয়েছিলেন। অনেকেই বেসরকারি চাকরি করেন। কেউ কেউ নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যোগ দিতে দীর্ঘ ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছেন। অন্যদিকে ঈদে যারা বাড়ি যেতে পারেননি তাদের অনেকেই তিন দিনের নতুন ছুটিতে প্রিয়জনদের কাছে ছুটে যাচ্ছেন। অনেকে আবার ঈদে প্রিয়জনদের সঙ্গে থাকার পর ঢাকায় ফিরে দুই দিনের অফিস শেষে আবারও গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

ঈদে দীর্ঘ সময় বাড়িতে কাটিয়ে রাজধানীর মোহাম্মদপুরে নিজস্ব মুদি দোকান খুলতে ঢাকায় ফিরেছেন নাজমুল হাসান। তিনি তার পরিবার নিয়ে সকাল পৌনে ১০টার দিকে রংপুর থেকে আসা ট্রেনে ঢাকায় ফিরেছেন। নাজমুল হাসান জানান, মোহাম্মদপুরে নিজের মুদি দোকান আছে। পরিবারকে ঈদের আগেই বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। চাঁদরাতের বেচাবিক্রি শেষ করে নিজে ঈদের দিন দোকান বন্ধ রেখে বাড়িতে গিয়েছিলেন। পাঁচদিন বাড়িতে থেকে ষষ্ঠ দিনে আজ ঢাকায় ফিরলেন। দোকান বেশিদিন বন্ধ রাখলে কাস্টমার ছুটে যাবে। তাই সামনে সাপ্তাহিক ছুটি থাকার পরও ফিরতে হয়েছে।
বিজ্ঞাপন

এদিকে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিভিন্ন জেলায় যেসব ট্রেন ছেড়ে যাচ্ছে, সেগুলোর অগ্রিম টিকিট অনেক আগেই বিক্রি হয়ে গেছে। মানুষ অনেক আগে থেকেই নতুন তিন দিনের ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়ার পরিকল্পনা করে রেখেছেন। যারা গতকাল রাতে বাড়ি যেতে পারেননি তাদের অনেকে সকালে ভিড় করছেন।
ডিউটিরত কয়েকজন টিটিইর সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের আগে যারা ২৪ ও ২৫ মার্চের ছুটি নিয়ে যেতে পেরেছেন, তারা আগামী শনি-রোববার ঢাকায় ফিরবেন। নতুন করে যারা যাচ্ছেন তাদের অনেকেও ওই দুইদিনে ঢাকায় ফিরবেন। এতে আগামী শনি-রোববার ঢাকায় ফেরা যাত্রীদের ভিড় বাড়তে পারে।
এমএমএইচ/এমএন