২৮ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবে ডিএসসিসি

মহান স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে আগামী ২৮ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ডিএসসিসি মুখপাত্র মো. রাসেল রহমান জানান, দিনব্যাপী এই অনুষ্ঠানে স্মৃতিচারণা, সংবর্ধনা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানানো হবে।
এদিকে, ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো.আবদুস সালামের নেতৃত্বে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দিনব্যাপী বর্ণাঢ্য ও ভাবগাম্ভীর্যপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে ডিএসসিসি। এদিন ডিএসসিসির পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিজ্ঞাপন
দিবসটি উপলক্ষ্যে জোহরের নামাজের পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন সকল মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও উত্তরোত্তর অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ডিএসসিসি পরিচালিত হাসপাতালগুলোতে রোগীদের জন্য উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। এছাড়া পূর্বঘোষণা অনুযায়ী নগর ভবনে অবস্থিত ঢাকা নগর জাদুঘর এবং কলাবাগান শিশু পার্ক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বসাধারণের জন্য বিনা টিকিটে উন্মুক্ত রাখা হয়।
দিবসটি উপলক্ষ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকা এবং রঙিন ফেস্টুনে সজ্জিত করা হয়। এছাড়া নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দিবসটির তাৎপর্যসংবলিত ড্রপডাউন ব্যানার স্থাপন করা হয়।
বিজ্ঞাপন
এএসএস/এমএসএ