স্বাধীনতা দিবসে কোস্ট গার্ডের ৬ জাহাজ উন্মুক্ত, দর্শনার্থীদের ভিড়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে জনসাধারণের জন্য ৬টি জাহাজ উন্মুক্ত করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। দেশের বিভিন্ন স্থানে নোঙর করা এসব জাহাজ পরিদর্শনে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানান।
তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রতিবছরের মতো এবারও বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এর অংশ হিসেবে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছয়টি জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।
উন্মুক্ত রাখা জাহাজগুলো হলো- ‘বিসিজিএস কুতুবদিয়া’ (চাঁদপুর বিআইডব্লিউটিএ ভিআইপি ঘাট), ‘বিসিজিএস শেটগাং’ (নারায়ণগঞ্জের কাশীপুর পন্টুন), ‘বিসিজিএস তাজউদ্দিন’ (চট্টগ্রামের পতেঙ্গা ১৫ নম্বর ঘাট), ‘বিসিজিএস শ্যামল বাংলা’ (চট্টগ্রামের ইছা নগর), ‘বিসিজিএস কামরুজ্জামান’ (মোংলার দিগরাজ) এবং ‘বিসিজিএস তৌহিদ’ (খুলনার রূপসা)।
বিজ্ঞাপন
দুপুর থেকে জাহাজগুলো পরিদর্শনে আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক নারী-পুরুষ ভিড় করেন। এতে সাধারণ মানুষ কোস্ট গার্ডের জাহাজ, সরঞ্জাম ও কার্যক্রম সম্পর্কে সরাসরি জানার সুযোগ পান।
মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন বলেন, জাহাজে আগত দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দায়িত্বশীল কর্মকর্তা ও নাবিকরা। এর মাধ্যমে কোস্ট গার্ডের কার্যক্রম সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়।
তিনি আরও জানান, জাহাজ পরিদর্শনের মাধ্যমে দর্শনার্থীরা গভীর সমুদ্রে টহল, উপকূল ও নদী এলাকায় অভিযান, উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধ, জলদস্যুতা দমন এবং মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের ভূমিকা সম্পর্কে ধারণা পান।
বিজ্ঞাপন
এসএএ/এসএইচএ