তীব্র গরমে ওষ্ঠাগত জনজীবনে অবশেষে কিছুটা স্বস্তির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও আজ থেকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের আটটি বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আজ সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে আশা করা হচ্ছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা ওই বিজ্ঞপ্তিতে সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এর প্রভাবে প্রথম দিনে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরবর্তী কয়েক দিনও দেশের আটটি বিভাগের দুই-এক জায়গায় এই বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে।
বিজ্ঞাপন
পূর্বাভাসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। পূর্বাভাস অনুযায়ী, প্রথম দিন সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে দ্বিতীয় দিন থেকে তাপমাত্রা আবারও কিছুটা বাড়তে শুরু করবে।
এছাড়া বর্ধিত ৫ দিনের অবস্থায় বলা হয়েছে, বৃষ্টির পরিমাণ কমে তাপমাত্রা আরও বাড়তে পারে।
আরএইচটি/বিআরইউ
