দেশের জ্বালানি তেলের বাজার তদারকি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে ঢাকা ও চট্টগ্রামের সব ফিলিং স্টেশনে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের নির্দেশ দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
বিজ্ঞাপন
বিপিসির অধীনস্থ তিন রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানি– পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলকে শনিবার (২৮ মার্চ) এক বার্তার মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসির নির্দেশনা অনুযায়ী সারা দেশে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ কার্যক্রম চলমান রয়েছে। এই প্রেক্ষাপটে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ উভয় জেলার ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি পণ্যের সঠিক সরবরাহ নিশ্চিত করতে প্রতিটি স্টেশনে একজন করে ট্যাগ অফিসার নিয়োগের নির্দেশ দেওয়া হলো।
নিযুক্ত ট্যাগ অফিসারের নাম, পদবি ও মোবাইল নম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়েছে। নির্দেশনায় আরও জানানো হয়, ট্যাগ অফিসাররা নিজ নিজ ফিলিং স্টেশনের জ্বালানি পণ্য গ্রহণ, সরবরাহ এবং সর্বশেষ মজুত পরিস্থিতি নিয়মিত তদারকি করবেন।
বিজ্ঞাপন
মূলত তেলের কৃত্রিম সংকট রোধ এবং সঠিক বণ্টন নিশ্চিত করতেই এই তদারকি ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ওএফএ/বিআরইউ
