ঈদের দীর্ঘ ছুটির পর মাঝে দুই দিন খোলা ছিল অফিস, এরপর ফের তিন দিনের ছুটি শেষ আজ সব প্রতিষ্ঠান খুলেছে। বিশেষ করে দীর্ঘ ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছে আজ। যে কারণে সকাল থেকেই রাজধানীর প্রতিটি এলাকায় লক্ষ্য করা গেছে কাজে বের হওয়া মানুষের ভিড়, যানবাহনের দীর্ঘ সারি, থেমে থেমে যানজট, দোকানপাটে সরব উপস্থিতি। সব মিলিয়ে ঈদের প্রায় এক সপ্তাহ পর স্বরূপে ফিরেছে রাজধানী ঢাকা।
বিজ্ঞাপন
রোববার (২৯ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদের আগের মঙ্গলবার থেকে টানা ৭ দিনের সরকারি ছুটি শুরু হয়। এরপর ঈদ শেষে রাজধানীর সড়কগুলো অনেকটাই ফাঁকা ছিল, বেশিরভাগ দোকানপাট খোলেনি। বিগত এক সপ্তাহ ঢাকার চিরচেনা রূপ হারিয়ে এমন চিত্র ছিল সর্বত্র। তবে আজ থেকে কর্মচঞ্চলতাসহ রাজধানী ঢাকা তার স্বরূপে ফিরে এসেছে।
রাজধানীর মহাখালী এলাকায় কথা হয় রাইড শেয়ারিং করা মোটরসাইকেল চালক মনসুর আলী সঙ্গে। তিনি বলেন, ঈদের দ্বিতীয় দিন থেকে ফের রাইড শেয়ারিং শুরু করেছি, কিন্তু সেভাবে যাত্রী ছিল না রাজধানীতে। ফাঁকা ফাঁকা ছিল পুরো শহর। সে তুলনায় আজ কর্ম দিবস শুরু হওয়ার পর থেকে রাজধানী বিভিন্ন এলাকাতে যানজট দেখা দিয়েছে। প্রচুর মানুষের আনাগোনা। যানবাহন, মানুষের ভিড় সর্বত্রই। বলতে গেলে ঈদের পর আজই প্রথম মানুষের ভিড়-যানজট সৃষ্টি হয়েছে। নিজেও সকাল থেকে বেশ কয়েকটি ট্রিপ পেয়েছি।
বিজ্ঞাপন

সাভার থেকে ছেড়ে আসা বৈশাখী বাসের চালক হাবিবুর মিয়া যাত্রীসহ বাস নিয়ে গাবতলী, কল্যাণপুর, আগারগাঁও, মহাখালী, গুলশান হয়ে উত্তর বাড্ডায় আসার পর কথা হয় এই চালকের সঙ্গে। তিনি বলেন, আজ সকাল থেকে আমাদের রুটের প্রতিটি স্টপেজেই যাত্রী পেয়েছি। যা গেল এক সপ্তাহ ধরে ছিল না। আজ থেকে সব অফিস আদালত খোলার কারণে সকাল থেকে মানুষের এবং যানবাহনের সংখ্যা পথে পথে বেশি দেখা যাচ্ছে। আগের মতই সিগন্যাল, যানজট পড়তে হচ্ছে। সেই হিসেবে বলতে গেলে আজকে থেকেই ঢাকার স্বাভাবিক চিত্র দেখা যাচ্ছে।
একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী সুজন আহমেদের সঙ্গে কথা হলে তিনি বলেন, মার্কেটিং এ কাজ করার কারণে প্রতিদিনই ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে যেতে হয়। ঈদের পরপর আমাদের প্রতিষ্ঠান খুললেও পুরো শহর জুড়ে মানুষের আনাগোনা ছিল খুব কম। সেভাবে যানজটেও পড়তে হয়নি, মানুষের ভিড়ও দেখা যায়নি। সেই তুলনায় আজ বলতে গেলে ঢাকা শহর তার নিজের স্বাভাবিক রূপে ফিরে এসেছে। সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরে থেমে থেমে যানজট দেখেছি, সড়কে পথে-ঘাটে মানুষের পর্যাপ্ত ভিড়, যানবাহনগুলোর পর্যাপ্ত উপস্থিতি সড়কে দেখা গেছে।
এএসএস/এসএম
