জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগে অতিরিক্ত সচিব পদে পদায়ন করা হয়েছে স্থানীয় সরকার বিভাগে কর্মরত অতিরিক্ত সচিব মো. আকনুর রহমান।
বিজ্ঞাপন
রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
দীর্ঘদিন শূন্য থাকা এ গুরুত্বপূর্ণ পদে পদায়নের মধ্য দিয়ে প্রশাসনের ভেতরে চলমান অনিশ্চয়তার অবসান ঘটবে বলে মনে করা হচ্ছে।
কর্মজীবনে মো. আকনুর রহমান সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও দপ্তরে দায়িত্ব পালন করেছেন। তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে যুগ্মসচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিচালক (যুগ্মসচিব), বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ), বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ মাঠ প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সরকারি ক্রয় ব্যবস্থাপনা বিষয়ে দেশের সচিব, অতিরিক্ত সচিবসহ বিভিন্ন প্রশাসনিক মহলে স্বীকৃত অন্যতম জাতীয় প্রশিক্ষক হিসেবে সুপরিচিত।
বিজ্ঞাপন
যুক্তরাজ্যভিত্তিক পেশাগত সংস্থা চার্টার্ড ইনস্টিটিউট অব প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাইয়ের সদস্য (এমসিআইপিএস) সদস্য হিসেবে তিনি আন্তর্জাতিক মানদণ্ডে স্বীকৃত। ২০১৫–২০১৬ সালে যুক্তরাজ্য থেকে প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই বিষয়ে ডিপ্লোমা, অ্যাডভান্সড ডিপ্লোমা ও প্রফেশনাল ডিপ্লোমা সম্পন্ন করে এমসিআইপিএস সনদ অর্জন করেন।
১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম ফার্ম ডিগ্রি অর্জন করেন। ১৯৯৮ সালে ইনস্টিটিউট অব ইকনোমিকস থেকে স্বাস্থ্য অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা লাভ করেন। ২০০৬ সালে জাপানের (গ্রিপস) থেকে মাস্টার্স অব পাবলিক পলিসি ডিগ্রি অর্জন করেন। ২০১২ সালে একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে এমবিএ সম্পন্ন করেন। ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদ থেকে ‘সবার জন্য স্বাস্থ্য নিশ্চিতকরণে বাংলাদেশের স্বাস্থ্য ও ওষুধনীতি’ শীর্ষক অভিসন্দর্ভের মাধ্যমে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার ১৫টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগ-সংক্ষেপে এপিডি-প্রশাসনের সবচেয়ে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ শাখাগুলোর একটি। মাঠ প্রশাসন থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যায়ের পদায়ন, পদোন্নতি, এমনকি সচিব ও অতিরিক্ত সচিব নিয়োগ-সবকিছুর কেন্দ্রবিন্দু এই অনুবিভাগ। তবে গত কয়েক মাস ধরে অতিরিক্ত সচিবের পদটি শূন্য ছিল। দায়িত্বটি জনপ্রশাসন সচিবের কাছে ন্যস্ত থাকায় প্রশাসনিক মহলে এটি ‘নজিরবিহীন’ পরিস্থিতি হিসেবে আলোচিত হয়। একই সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে সচিব পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে বিলম্বের ঘটনাও ঘটে বলে জানা যায়।
বিজ্ঞাপন
বিলুপ্ত অন্তর্বর্তী সরকারের সময় অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েন ও আমলাতান্ত্রিক বিভাজনের কারণে এ নিয়োগ আটকে ছিল, এমন আলোচনা প্রশাসনিক মহলে রয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে খুলনা বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকারকে এপিডি প্রধান করার লক্ষ্যে জনপ্রশাসনে আনা হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। পরে দুই মাসের মধ্যে তাকে খাদ্য সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
এমএম/এসএম
