বিজ্ঞাপন

১১ নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিসে ৪০ মিনিট অবস্থান বাধ্যতামূলক

অ+
অ-
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিসে ৪০ মিনিট অবস্থান বাধ্যতামূলক

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রতিদিন সকালে বাধ্যতামূলকভাবে নিজ দপ্তরে ৪০ মিনিট অবস্থানসহ ১১ দফা নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিশেষ করে সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের নিজ অফিস কক্ষে উপস্থিত থাকা এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট দপ্তর, সংস্থা এবং মাঠ প্রশাসনের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে এই নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ অফিস কক্ষে আবশ্যিকভাবে অবস্থান এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়সহ দায়িত্বশীল আচরণ নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে এই নির্দেশনা প্রতিপালনে ব্যত্যয় পরিলক্ষিত হওয়ায় নতুন করে ১১টি নির্দেশনা অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।

১১ দফা নির্দেশনা হলো–

বিজ্ঞাপন

১. প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ অফিস কক্ষে আবশ্যিকভাবে অবস্থান করতে হবে। দাপ্তরিক কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রেও এই সময়সীমা যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

২. দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। জানালা, দরজা বা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।

৩. অফিস চলাকালে শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার (এসি) ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে।

বিজ্ঞাপন

৪. এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা অবশ্যই ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখতে হবে।

৫. অফিস কক্ষ ত্যাগ করার সময় বাতি, ফ্যান, এসি ও সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।

৬. অফিসের করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমের মতো স্থানগুলোতে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে।

৭. অফিস সময় শেষ হওয়ার পর লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও এসিসহ সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে হবে।

৮. সরকারি নির্দেশনা ব্যতিরেকে সব ধরনের আলোকসজ্জা পরিহার করতে হবে।

৯. জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সাশ্রয়ী হতে হবে।

১০. অফিস কক্ষ, করিডোর, টয়লেট, সিঁড়ি ও সিঁড়ির হাতল নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

১১. এসব নির্দেশনা প্রতিপালন ও পর্যবেক্ষণের (মনিটরিং) জন্য সকল দপ্তর, সংস্থা ও কার্যালয়ে একটি করে ‘ভিজিল্যান্স টিম’ গঠন করতে হবে।

এসএইচআর/বিআরইউ