বিজ্ঞাপন

চট্টগ্রামে বহুতল ভবনের ছাদ থেকে ঝাঁপ, গুরুতর আহত যুবক

অ+
অ-
চট্টগ্রামে বহুতল ভবনের ছাদ থেকে ঝাঁপ, গুরুতর আহত যুবক

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় একটি বাণিজ্যিক ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে অজ্ঞাতপরিচয় এক যুবক গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে গুলজার টাওয়ারে এই ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, আনুমানিক ২১ থেকে ২২ বছর বয়সী ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঈদের ছুটি শেষে আজ সকালে মার্কেট খোলার সময় দোকানিরা ব্যস্ত ছিলেন। ঠিক সেই সময় ওই যুবক হঠাৎ ভবনের ছাদে উঠে যান। উপস্থিত লোকজন ও নিরাপত্তাকর্মীরা তাকে নিচে নামানোর চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই তিনি ছাদ থেকে লাফ দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নিচে পড়ার আগে যুবকটি একটি ব্যানারে আটকে যান এবং সেখান থেকে ছিটকে বিদ্যুতের তারে আঘাত লেগে মাটিতে আছড়ে পড়েন।

বিজ্ঞাপন

গুলজার টাওয়ার দোকান মালিক সমিতির সভাপতি শাখাওয়াত রাহুল বলেন, ‘ঈদের পর মার্কেট খোলার সময় হঠাৎ করেই ওই ব্যক্তি ছাদে উঠে ঝাঁপ দেন। তাকে থামানোর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। পরে পুলিশের সহায়তায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।’

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ বলেন, আহত যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে, পরিচয় পাওয়া গেলে স্বজনদের খবর দেওয়া হবে।

আরএমএন/বিআরইউ