রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণার অভিযোগে রিপন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিজ্ঞাপন
সোমবার (৩০ মার্চ) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস (মিডিয়া) বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আরিফা আখতার প্রীতি এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ বিকেলে রাজধানীর শাহবাগ থানাধীন পিজি হাসপাতালের ক্যান্সার ভবনের সামনে অভিযান চালিয়ে রিপনকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্র জানায়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে ফেসবুকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া আইডি তৈরি করে আসছিল। এসব আইডি থেকে বিভ্রান্তিকর পোস্ট দিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলা হতো।
বিজ্ঞাপন
গোপন তথ্যের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রিপনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডিবির প্রাথমিক তদন্তে জানা যায়, উদ্ধারকৃত মোবাইল ফোন বিশ্লেষণে ‘Doctor Ayesha Khatun’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি লগইন অবস্থায় পাওয়া যায়। ওই আইডি ব্যবহার করে আইজিপিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি দিয়ে বিভ্রান্তিকর পোস্ট করা হচ্ছিল।
গ্রেপ্তারকৃত রিপন তার সহযোগীদের সহায়তায় দীর্ঘদিন ধরে এই প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
বিজ্ঞাপন
রিপনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান আরিফা আখতার প্রীতি।
এসএএ/এমএন
