জাতীয় সংসদে মঙ্গলবার (৩১ মার্চ) বিরোধীদলীয় নেতার আনা এক মুলতবি প্রস্তাবের ওপর দুই ঘণ্টাব্যাপী আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে। তবে গত রোববারের অধিবেশনে এই প্রস্তাবকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী ও ডেপুটি স্পিকারের মধ্যে যে বাক্যবিনিময় হয়েছে, তার রেশ ধরে আজকের আলোচনা বেশ উত্তপ্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজকের কার্যসূচির সর্বশেষ বিষয় হিসেবে এই মুলতবি প্রস্তাবটি রাখা হয়েছে। ডেপুটি স্পিকারের রুলিং অনুযায়ী, নির্ধারিত দুই ঘণ্টা সময়জুড়ে সরকারি ও বিরোধী দলের সদস্যরা এই প্রস্তাবের ওপর তাদের বক্তব্য তুলে ধরবেন।
গত ২৯ মার্চ (রোববার) স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনা করেন ডেপুটি স্পিকার। সে সময় বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদ মুলতবি করে জুলাই সনদ ও সংস্কার পরিষদের প্রস্তাবিত বিষয়ে আলোচনার দাবি জানান। ডেপুটি স্পিকার কার্যপ্রণালি বিধির ৬৫-এর ২ ধারা অনুযায়ী মঙ্গলবার আলোচনার দিন ধার্য করেন।
তবে এই রুলিং দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী নোটিশ সংশোধনের দাবি তুললে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মঙ্গলবারের আলোচনার সঙ্গে সম্মতি প্রকাশ করছি। তবে আলোচনা যদি নির্ধারণ করতে চান, তাহলে আপনাকে নোটিশটা একটু সংশোধন করে নিতে হবে।
বিজ্ঞাপন
জবাবে ডেপুটি স্পিকার কঠোর অবস্থান নিয়ে বলেন, আমার সিদ্ধান্ত ইতোমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা দয়া করে নিজ নিজ আসনে বসুন। স্বরাষ্ট্রমন্ত্রী পুনরায় কথা বলার চেষ্টা করলে তাকে আবারও থামিয়ে দেওয়া হয়।
সংসদ সচিবালয়ের মতে, আজকের আলোচনায় কয়েকটি বিষয় মূল আকর্ষণে থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী যে সংশোধনের কথা বলেছিলেন, তা নিয়ে আজ পুনরায় বিতর্কের সৃষ্টি হতে পারে কি না। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ইতোমধ্যে স্পষ্ট করেছেন যে, স্পিকারের রুলিংয়ের পর আর কোনো তর্কের অবকাশ নেই। আজ তারা তাদের মূল দাবিগুলো জোরালোভাবে তুলে ধরবেন। এছাড়া নির্ধারিত দুই ঘণ্টার মধ্যে কোন পক্ষ কতটুকু সময় পাবে এবং আলোচনার পরিবেশ কতটা শান্তিপূর্ণ থাকে, তা-ই এখন দেখার বিষয়।
মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার দিন হওয়ায় আজ সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের উপস্থিতি অন্য দিনের তুলনায় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যথাযথ জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
এদিকে, বিরোধী দলও তাদের প্রস্তাবের সপক্ষে শক্ত যুক্তি উপস্থাপনের জন্য কোমর বেঁধে নামছে। সব মিলিয়ে আজ বিকেলে জাতীয় সংসদ এক প্রাণবন্ত কিন্তু বিতর্কমুখর আলোচনার সাক্ষী হতে যাচ্ছে বলেই জানা গেছে।
এসআর/জেডএস
