বিজ্ঞাপন

ওমরাহ শেষে বাড়ি ফেরার পথে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

অ+
অ-
ওমরাহ শেষে বাড়ি ফেরার পথে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

পবিত্র ওমরাহ পালন শেষে সপরিবার বাড়ি ফিরছিলেন ১৬ বছর বয়সী কিশোর ওবায়েদ উল্যাহ। সৌদি আরব থেকে চট্টগ্রামে নেমে মাইক্রোবাসে করে ফিরছিলেন কক্সবাজারের গ্রামের বাড়িতে। কিন্তু সেই ফেরা আর পূর্ণ হলো না। পথিমধ্যে চট্টগ্রামের লোহাগাড়ায় এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই কিশোর। এ ঘটনায় তার মা-বোনসহ আরও চারজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া খান দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওবায়েদ উল্যাহ কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগড় এলাকার সামছুল আলমের ছেলে।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন– নিহতের মা ইয়াসমিন আক্তার (৪০), বোন ফাহিমা আক্তার (২০), ফাহিমার স্বামী ইয়াসির আরাফাত (৩৫) এবং চাচাতো ভাই ইয়াসির আরাফাত (২৫)। তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরের দিকে কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের (নোয়া) সঙ্গে বিপরীতমুখী একটি মিনি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি সড়কের পাশের বিলে পড়ে উল্টে যায়। আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওবায়েদ উল্যাহকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের সেখানে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

জানা গেছে, মাইক্রোবাসের যাত্রীরা চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কক্সবাজারের ঈদগড় এলাকায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। ওমরাহ পালন শেষে আজই তারা দেশে ফিরেছিলেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

আরএমএন/বিআরইউ