পরীক্ষা শুরুর বাকি আর মাত্র কয়েক দিন। পড়াশোনায় মন নেই বলে বাবা বকাঝকা করেছিলেন গত রাতে। সেই অভিমানে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহননের পথ বেছে নিয়েছে ১৭ বছর বয়সী কিশোর ওয়ালিদ হাসান চৌধুরী।
বিজ্ঞাপন
বুধবার (০১ এপ্রিল) সকালে রাজধানীর ডেমরার মুসলিমনগর এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
ওয়ালিদ ডেমরা শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল। বুধবার সকালে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত ওয়ালিদদের বাড়ি ডেমরার সানারপাড় এলাকায়। তার বাবার নাম আবুল হাসান চৌধুরী। বর্তমানে তারা সপরিবার মুসলিমনগর বামুলিয়া রোডে বসবাস করছিলেন।
বিজ্ঞাপন
ছেলের এমন মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা আবুল হাসান চৌধুরী। তিনি জানান, ওয়ালিদ একটু জেদি প্রকৃতির ছিল। দুই মাস আগে তার আবদার মেটাতে একটি মোটরসাইকেলও কিনে দিয়েছিলেন তিনি। চলতি মাসের ২১ তারিখে ওয়ালিদের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সে ঠিকমতো পড়াশোনা করছিল না। এ নিয়ে প্রায়ই তাকে বকাঝকা করতেন তিনি। গত রাতেও পড়াশোনার বিষয়ে ছেলেকে বকাঝকা করেছিলেন।
ওয়ালিদের বাবা আরও বলেন, আজ সকালে অনেকক্ষণ ডাকাডাকি করার পরও ওয়ালিদের ঘরের দরজা না খোলায় তাদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে দেখা যায়, সে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে ঝুলে আছে। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলেও ছেলেকে আর বাঁচানো সম্ভব হয়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এসএএ/বিআরইউ
