বিজ্ঞাপন

ডিএমপির উচ্ছেদ অভিযানে জরিমানা ১ লাখ ৯২ হাজার, ২৩ জনের কারাদণ্ড

অ+
অ-
ডিএমপির উচ্ছেদ অভিযানে জরিমানা ১ লাখ ৯২ হাজার, ২৩ জনের কারাদণ্ড

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযানে এক লাখ ৯২ হাজার টাকা জরিমানা এবং ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ, জরিমানা আদায়, মালামাল জব্দ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। 

সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আরিফা আখতার প্রীতি এই তথ্য জানান। 

বিজ্ঞাপন

ট্রাফিক লালবাগ বিভাগ জানায়, কোতয়ালী ট্রাফিক জোনের গোয়ালঘাট-নারিন্দা এলাকায় অভিযান চালিয়ে আইন অমান্য করায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্রাফিক ওয়ারী বিভাগ জানায়, যাত্রাবাড়ী জোনের ধোলাইপাড় থেকে যাত্রাবাড়ী মোড় ও শহীদ ফারুক সরণি এলাকায় অভিযান চালিয়ে রাস্তার পাশে অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এ সময় ৭ জন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়।

ট্রাফিক রমনা বিভাগ সূত্রে জানা যায়, মগবাজার মোড় থেকে বাংলামটর সিগন্যাল পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়। এতে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ৪৯টি ভিডিও মামলা ও ১০টি তাৎক্ষণিক মামলা দেওয়া হয়। পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা এবং প্রায় তিন পিকআপ সমপরিমাণ মালামাল জব্দ করা হয়।

বিজ্ঞাপন

ট্রাফিক মিরপুর বিভাগ জানায়, পল্লবী জোনের কাজীপাড়া, শেওড়াপাড়া ও ভাষানটেক এলাকায় অভিযান চালিয়ে ৬ জন ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং রাস্তা দখলমুক্ত করা হয়।

ট্রাফিক মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল কাঁচাবাজার পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় এবং ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া ট্রাফিক তেজগাঁও বিভাগ ইন্দিরা রোড এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান চালিয়ে মালামাল অপসারণ করে এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়।

ট্রাফিক গুলশান বিভাগ জানায়, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে প্রায় ৫০টি দোকানকে সতর্ক করা হয় এবং ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে ট্রাফিক উত্তরা বিভাগ অবৈধ দখলদারদের মৌখিকভাবে সতর্ক করেছে।

ডিএমপি জানায়, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসএএ/এমএসএ