চট্টগ্রামে নগর পুলিশের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোহাম্মদ কামরুল হাসান এবং তার স্ত্রী সায়মা হাসান ওরফে সায়মা বেগমের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক সায়েদ আলম বাদী হয়ে পৃথক দুটি মামলা করা হয়। দুদক চট্টগ্রামের উপ-পরিচালক সুবেল আহমেদ মামলার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
সাবেক এডিসি মোহাম্মদ কামরুল হাসান চাকুরিরত অবস্থায় অসাধু উপায়ে সম্পদ অর্জন করেছেন। তিনি ২০২৪ সালের ৩ নভেম্বর কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৯ কোটি ২০ লাখ টাকার সম্পদ ঘোষণা করেছিলেন। কিন্তু কমিশনের অনুসন্ধানে তার প্রকৃত সম্পদ ২৯ কোটি ৯৯ লাখ টাকার বেশি পাওয়া গেছে। ফলে ১০ কোটি ৭৮ লাখ টাকার সম্পদ গোপন এবং ১৭ কোটি ৬২ লাখ টাকার জ্ঞাত আয়ের বাইরে অর্জিত সম্পদের প্রমাণ পাওয়া গেছে।
বিজ্ঞাপন
তার স্ত্রী সায়মা হাসানও স্বামীর নামে অর্জিত সম্পদ নিজের নামে ভোগদখলে রেখেছেন। তিনি ২ কোটি ৫৯ লাখ টাকার সম্পদ ঘোষণা করলেও বাস্তবে তার নীট সম্পদ ৩ কোটি ৬৪ লাখ টাকা। এতে ১ কোটি ২০ লাখ টাকার সম্পদ গোপন এবং ৩ কোটি ১৪ লাখ টাকার জ্ঞাত আয়ের বাইরে অর্জিত সম্পদ প্রমাণিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, সায়মা হাসান ১৯৯৫ সালের ২৪ মার্চ সালে মোহাম্মদ কামরুল হাসানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মোহাম্মদ কামরুল হাসান চাকুরিরত অবস্থায় অর্জিত অর্থ স্ত্রীর নামে সম্পদ অর্জন ও ভোগদখল নিশ্চিত করেছেন। এ কারণে দুটি মামলা দায়ের হয়েছে। একটিতে তার নিজস্ব সম্পদ গোপনের অভিযোগ রয়েছে। অপর মামলায় স্ত্রীর নামে সম্পদ অর্জন এবং ভোগদখল রাখার দায় অন্তর্ভুক্ত।
এমআর/এমএসএ
